মাছ ধরতে গিয়ে যেভাবে বৃষ্টির লাশ খুঁজে পেলেন জেলে

ফাইল ছবি
০৩ মে ২০২৬, ০৩:৫৮
নিউজ ডেস্ক
যুক্তরাষ্ট্রে নিখোঁজ হওয়া বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির লাশ শনাক্তের কথা জানিয়েছে হিলসবরো কাউন্টি শেরিফ। শুক্রবার (১ মে) ফ্লোরিডা পুলিশ বিভাগের পক্ষ থেকে বৃষ্টির ভাইকে ফোন করে এ তথ্য জানানো হয়।
ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি গত ১৬ এপ্রিল নিখোঁজ হন। পরে ২৪ এপ্রিল টাম্পা বে এলাকায় একটি সেতুর কাছ থেকে লিমনের লাশ উদ্ধার করা হয়। তবে বৃষ্টির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
শুক্রবার সেন্ট পিটার্সবার্গের উত্তর উপকূলে মাছ ধরতে গিয়ে এক জেলে বৃষ্টির লাশের সন্ধান পান। কায়াক চালিয়ে মাছ ধরার সময় তার ছিপের সুতা একটি ঝোপে আটকে যায়। সুতা ছাড়াতে গিয়ে তিনি তীব্র দুর্গন্ধ অনুভব করেন। সেখানে একটি কালো প্লাস্টিকের ব্যাগ দেখতে পান, যার ভেতর ছিল বৃষ্টির নিথর দেহ।
হিলসবরো কাউন্টির শেরিফ চ্যাড ক্রনিস্টার জানান, ব্যাগটি আংশিক খোলা ছিল এবং ভেতরে লোনাপানি ঢুকে পড়েছিল। বিষয়টি জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
লাশে পচন ধরায় শনাক্ত করতে ডিএনএ ও ডেন্টাল রেকর্ড পরীক্ষা করা হয়। নিখোঁজ হওয়ার সময় বৃষ্টির পরনে থাকা পোশাকের সঙ্গে মিল থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হয় এটি তার লাশ। পরে ৩০ এপ্রিল পরীক্ষার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
এ ঘটনায় লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে দুটি প্রথম-ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে।
এদিকে, বৃষ্টির মরদেহ দ্রুত দেশে আনার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস ও মিয়ামির কনস্যুলেট যৌথভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
উল্লেখ্য, জামিল আহমেদ লিমন ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে এবং নাহিদা সুলতানা বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করছিলেন।









