প্রাকৃতিক যত্নে ভরসা নিমপাতা

সংগৃহীত ছবি
১৩ মার্চ ২০২৬, ০১:১৮
নিউজ ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক: প্রাচীনকাল থেকেই প্রাকৃতিক চিকিৎসা ও রূপচর্চায় ব্যবহৃত হয়ে আসছে নিম। এর ডাল, পাতা ও রস—সবই নানা উপকারে আসে। বিশেষজ্ঞদের মতে, নিমে রয়েছে শক্তিশালী অ্যান্টিভাইরাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ, যা শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়ক।
নিয়মিত ও সঠিকভাবে ব্যবহার করলে ত্বক, চুল ও স্বাস্থ্যের নানা সমস্যায় নিমপাতা কার্যকর ভূমিকা রাখতে পারে।
ত্বকের যত্নে
রূপচর্চায় বহুদিন ধরেই নিমপাতার ব্যবহার হয়ে আসছে। ত্বকের দাগ দূর করতে নিম বেশ উপকারী। এটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবেও কাজ করে। ব্রণের সমস্যা থাকলে নিমপাতা বেটে আক্রান্ত স্থানে লাগানো যেতে পারে। এছাড়া মাথার ত্বকে চুলকানি হলে নিয়মিত নিমপাতার রস ব্যবহার করলে উপকার পাওয়া যায়। নিমপাতার সঙ্গে কাঁচা হলুদ বেটে পেস্ট তৈরি করে লাগালে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং স্কিন টোন ঠিক রাখতে সহায়তা করে।
চুলের যত্নে
চুলের যত্নেও নিমপাতা বেশ কার্যকর। খুশকি দূর করতে শ্যাম্পু করার সময় নিমপাতা সিদ্ধ পানি দিয়ে চুল ধোয়া যেতে পারে। এতে মাথার ত্বক পরিষ্কার থাকে এবং খুশকি কমে। সপ্তাহে একদিন নিমপাতা বেটে চুলে লাগিয়ে এক ঘণ্টা রেখে ধুয়ে ফেললে চুল পড়া কমে এবং চুল নরম ও মসৃণ হয়।
কৃমিনাশক হিসেবে
শিশুদের পেটে কৃমি হলে তারা দুর্বল হয়ে পড়ে, পেট ফুলে যায় এবং চেহারা ফ্যাকাশে দেখায়। প্রচলিত ধারণা অনুযায়ী, নিমপাতা পেটের কৃমি দূর করতে সহায়ক হতে পারে।
দাঁতের যত্নে
দাঁতের সুস্থতায় নিমের ডাল দিয়ে মেসওয়াক করার প্রচলন প্রাচীনকাল থেকেই রয়েছে। নিমের পাতা বা ছালের গুঁড়া কিংবা নিমের ডাল দিয়ে নিয়মিত দাঁত পরিষ্কার করলে দাঁত মজবুত থাকে এবং বিভিন্ন দাঁতের রোগ থেকে সুরক্ষা পাওয়া যায়।
বিশেষজ্ঞদের মতে, প্রাকৃতিক উপায়ে স্বাস্থ্য ও সৌন্দর্য রক্ষায় নিমপাতা একটি সহজলভ্য ও কার্যকর উপাদান। নিয়মিত ও সঠিক ব্যবহারে এর উপকারিতা পাওয়া সম্ভব।






