রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘বড় মিথ্যাবাদী’ বলে আখ্যায়িত করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এক বক্তব্যে তিনি ট্রাম্পের বিরুদ্ধে ইরানের পরমাণু কর্মসূচি ও যুদ্ধের পরিস্থিতি নিয়ে মার্কিন জনগণের কাছে সত্য গোপনের অভিযোগ তোলেন।

মোহেব্বি বলেন, ‘আমেরিকান জনগণের সত্য জানার অধিকার রয়েছে।’ তাঁর দাবি, ইরান কখনো পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করেনি এবং যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের কারণ হিসেবে পরমাণু অস্ত্রের বিষয়টি সামনে আনছে।

আইআরজিসির এই মুখপাত্র আরও দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ব্যর্থ হয়েছে। তাঁর ভাষ্য, যুক্তরাষ্ট্রকে এই ব্যর্থতা স্বীকার করে মধ্যপ্রাচ্য থেকে সরে যেতে হবে।

মোহেব্বি একই সঙ্গে ইরানের ওপর মার্কিন চাপ এবং উপসাগরীয় অঞ্চলের জ্বালানি সরবরাহ নিয়ে ওয়াশিংটনের বক্তব্যেরও সমালোচনা করেন। তিনি দাবি করেন, তেল পরিবহনের ক্ষেত্রে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি থাকলেও সেটিকে পুরোপুরি উন্মুক্ত করার দাবি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

ইরানের আইআরজিসির এসব বক্তব্য এমন এক সময়ে এলো, যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে হরমুজ প্রণালি, ইরানের পরমাণু কর্মসূচি এবং সামরিক সংঘাত নিয়ে উত্তেজনা অব্যাহত রয়েছে।