শিরোনাম:
এবার পুরো আইসিসির ওপর নিষেধাজ্ঞার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

ফাইল ছবি
২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮
নিউজ ডেস্ক
আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) আর্থিকভাবে চাপে ফেলতে আরও কঠোর পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এবার আদালটির পুরো প্রতিষ্ঠানকে লক্ষ্য করে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করা হচ্ছে।
রয়টার্স ও দ্য ওয়াল স্ট্রিট জার্নাল–এর প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে অথবা এর পরপরই নতুন নিষেধাজ্ঞার বিষয়ে নির্বাহী পদক্ষেপ নেওয়া হতে পারে। বিষয়টির সঙ্গে পরিচিত সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, পুরো আইসিসিকে লক্ষ্য করে নিষেধাজ্ঞার প্রস্তুতি নেওয়া হয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নাল–এর হাতে থাকা নথি ও কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত নিষেধাজ্ঞা কার্যকর হলে ছয় থেকে সাত মাসের একটি সময়সীমা শেষে আইসিসির সঙ্গে অধিকাংশ আর্থিক ও বাণিজ্যিক লেনদেন নিষিদ্ধ হতে পারে। এর ফলে আদালটির আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার সঙ্গে যোগাযোগ এবং দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
রয়টার্স জানিয়েছে, এর আগে ট্রাম্প প্রশাসন আইসিসির নির্দিষ্ট কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এবার প্রথমবারের মতো পুরো প্রতিষ্ঠানটিকে লক্ষ্য করে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আইসিসির বিরোধ সাম্প্রতিক বছরগুলোতে আরও তীব্র হয়েছে। ২০২৪ সালের নভেম্বরে আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আদালতের অভিযোগ ছিল, গাজা সংঘাতের সময় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে তাদের বিরুদ্ধে যথেষ্ট ভিত্তি রয়েছে।
এর পর ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্প আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। ওই আদেশের পর আদালতের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের নতুন উদ্যোগের পেছনে আইসিসির ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের পাশাপাশি আফগানিস্তানে মার্কিন সামরিক কর্মকাণ্ড নিয়ে আদালতের আগের তদন্তও রয়েছে। জুলাইয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আইসিসিকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার উদ্যোগের কথাও জানিয়েছিলেন।
তবে সম্ভাব্য নতুন নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। রয়টার্সও জানিয়েছে, ওয়াল স্ট্রিট জার্নাল–এর প্রতিবেদনে উল্লেখ করা পরিকল্পনার সব বিষয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
আইসিসি নেদারল্যান্ডসের দ্য হেগভিত্তিক একটি আন্তর্জাতিক আদালত, যা গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের মতো গুরুতর অপরাধের বিচার করে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল—দুই দেশই আইসিসির সদস্য নয়।
সূত্র: রয়টার্স ও দ্য ওয়াল স্ট্রিট জার্নাল









