শিরোনাম:
ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যায়ও সীমা

ফাইল ছবি
২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২
নিউজ ডেস্ক
ইতালির স্কুলগুলোতে বোরকা ও হিজাব নিষিদ্ধ এবং প্রতিটি শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। পাশাপাশি স্কুলে যেসব বিদেশি শিক্ষার্থীর একীভূত হতে গুরুতর সমস্যা রয়েছে, তাদের অভিভাবকদের ইতালীয় ভাষা শেখার বাধ্যবাধকতা চালুর পরিকল্পনাও করা হচ্ছে।
রোববার (২০ সেপ্টেম্বর) রোমে ‘ফেনিক্স’ নামের একটি যুব অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এসব পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, এ বিষয়ে একটি প্রস্তাব শিগগিরই মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।
মেলোনি বলেন, কোনো ইতালীয় শ্রেণিকক্ষে দেশটির শিশুরা সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে নিজেদের সংখ্যালঘু বা কোণঠাসা মনে করবে—এমন পরিস্থিতি হতে দেওয়া যায় না। তাঁর ভাষ্য, কোনো শ্রেণিতে পাঠদানের ভাষা বুঝতে পারে না এমন শিক্ষার্থীর সংখ্যা অতিরিক্ত বেড়ে গেলে সেটি আর কার্যকর একীভূতকরণ থাকে না।
প্রস্তাবিত ব্যবস্থার আওতায় প্রতিটি শ্রেণিতে বিদেশি শিক্ষার্থীর সর্বোচ্চ সংখ্যা আইন করে নির্ধারণ করা হবে। তবে এই সীমা কত শতাংশ বা কতজন হবে, তা মেলোনি তাঁর বক্তব্যে নির্দিষ্ট করে জানাননি। ইতালির শিক্ষামন্ত্রী জিউসেপ্পে ভালদিতারা এর আগে শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর ৩০ শতাংশ সীমার কথা বলেছিলেন এবং তা আইনগতভাবে কার্যকর করার প্রয়োজনীয়তার কথা জানিয়েছিলেন।
স্কুলে পোশাকের বিষয়ে মেলোনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মুখ খোলা থাকা উচিত। তাঁর ঘোষিত প্রস্তাবে বোরকা ও হিজাব নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। তিনি বিষয়টিকে নারী-পুরুষের সমতার সঙ্গে যুক্ত করে বলেন, কোনো ঐতিহ্য বা সংস্কৃতির নামে একজন তরুণীকে মুখ ঢেকে রাখতে বাধ্য করা উচিত নয়।
এ ছাড়া যেসব বিদেশি শিক্ষার্থীর ইতালীয় সমাজ ও শিক্ষাব্যবস্থায় একীভূত হতে গুরুতর সমস্যা রয়েছে, তাদের অভিভাবকদের ইতালীয় ভাষা শেখার বাধ্যবাধকতা আরোপের পরিকল্পনার কথাও জানিয়েছেন মেলোনি।
ইতালির সরকার বলছে, এসব পদক্ষেপের লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে কার্যকর একীভূতকরণ নিশ্চিত করা এবং ভাষাগত ও সাংস্কৃতিক দূরত্ব কমানো। তবে প্রস্তাবগুলো এখনো আইন হিসেবে কার্যকর হয়নি; মন্ত্রিসভায় অনুমোদন ও পরবর্তী আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে এগুলো বাস্তবায়নের বিষয়টি নির্ধারিত হবে।
সূত্র: রয়টার্স, আনসা









