উপসাগরীয় দেশগুলোয় ইরানি হামলার নিন্দা, নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস

সংগৃহীত ছবি
১২ মার্চ ২০২৬, ০৪:০৯
নিউজ ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক: উপসাগরীয় দেশগুলোর ওপর ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
বুধবার (১১ মার্চ) বাহরাইনের উত্থাপিত ওই প্রস্তাবের পক্ষে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশের মধ্যে ১৩টি দেশ ভোট দেয়। তবে রাশিয়া ও চীন ভোটদান থেকে বিরত থাকে।
উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)-এর পক্ষ থেকে উপস্থাপিত এই প্রস্তাবে ইরানকে বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানের ওপর সব ধরনের হামলা অবিলম্বে বন্ধ করার দাবি জানানো হয়েছে।
জাতিসংঘে নিযুক্ত বাহরাইনের রাষ্ট্রদূত জামাল ফারিস আলরোয়াই বলেন, এই অঞ্চল বিশ্ব অর্থনীতির প্রাণরেখা এবং আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি করিডোর। তাই এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা শুধু আঞ্চলিক নয়, বরং আন্তর্জাতিক দায়িত্ব।
প্রস্তাবে হরমুজ প্রণালী এবং বাব আল-মান্দেব প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা সৃষ্টি বা হুমকি দেওয়ার বিষয়ে ইরানকে সতর্ক করা হয়েছে। এতে বলা হয়েছে, আন্তর্জাতিক জলপথে অবাধ নৌ-চলাচলে বাধা সৃষ্টি বিশ্ব শান্তির জন্য মারাত্মক হুমকি।
অন্যদিকে প্রস্তাবটিকে ‘অসম ও ভারসাম্যহীন’ বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া। তিনি বলেন, ইরানের ভূখণ্ডে যারা হামলা চালাচ্ছে তাদের বিরুদ্ধে এই প্রস্তাবে কোনো নিন্দা জানানো হয়নি এবং বিষয়টি সম্পূর্ণভাবে এড়িয়ে যাওয়া হয়েছে।
এছাড়া জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি এই প্রস্তাবকে ‘পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উল্লেখ করেছেন। তার দাবি, এই প্রস্তাবের মাধ্যমে আগ্রাসনকারীদের পুরস্কৃত করা হচ্ছে এবং ভুক্তভোগীকে শাস্তি দেওয়ার চেষ্টা চলছে।
উল্লেখ্য, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহতের প্রতিশোধ হিসেবে সম্প্রতি প্রতিবেশী দেশগুলোয় হামলার নির্দেশ দেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। একইসঙ্গে বিশ্ব অর্থনীতিতে চাপ সৃষ্টি করতে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপরও হামলার অভিযোগ উঠেছে তেহরানের বিরুদ্ধে।









