দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত নেতা বহিষ্কার

ফাইল ছবি
৩১ মে ২০২৬, ০২:০৩
নিউজ ডেস্ক
আজকের গুরুত্বপূর্ণ রাজনীতি খবর
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের প্রতি আনুগত্যহীনতা এবং দায়িত্বশীল নেতাদের সম্পর্কে অশোভন আচরণের অভিযোগে খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের জামায়াত নেতা শেখ মহিবুল্লাহকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২৭ মে) খুলনা জেলা জামায়াতের আমির এমরান হোসাইনের স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
শেখ মহিবুল্লাহ রাড়ুলী ইউনিয়ন জামায়াতের সদস্য (রুকন) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বহিষ্কারাদেশে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ও আনুগত্য ভঙ্গ করার পাশাপাশি দায়িত্বশীল নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার অভিযোগে তার সদস্যপদ (রুকনিয়াত) সাময়িকভাবে বাতিল করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের সব ধরনের দায়িত্ব থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নম্বর রাড়ুলী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসছিলেন শেখ মহিবুল্লাহ। তবে সম্প্রতি ওই ইউনিয়নে জামায়াতের প্রার্থী হিসেবে সহকারী অধ্যাপক মো. আব্দুল মোমিন সানার নাম ঘোষণা করা হয়।
দলের সিদ্ধান্ত মেনে না নিয়ে ঈদুল আজহার পরদিন ২৯ মে ইউনিয়নজুড়ে মোটরসাইকেল শোভাযাত্রার ঘোষণা দেন শেখ মহিবুল্লাহ। ঘোষিত কর্মসূচি অনুযায়ী তিনি ও তার সমর্থকেরা মোটরসাইকেল শোভাযাত্রা করেন বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে শেখ মহিবুল্লাহ বলেন, চেয়ারম্যান প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। এ কারণে গত ১১ মে তিনি দল থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন।
তিনি জানান, বহিষ্কারের চিঠি তিনি পেয়েছেন এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্তে অনড় রয়েছেন।
পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমির সাঈদুর রহমান বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে রাড়ুলী ইউনিয়নের রুকন পদ থেকে শেখ মহিবুল্লাহকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।









