প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে নতুন আহ্বান সারজিস আলমের

ফাইল ছবি
৩০ মে ২০২৬, ০৮:৩৮
নিউজ ডেস্ক
ঢাকার দুই সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণ কার্যক্রমের বাস্তব চিত্র দেখতে প্রধানমন্ত্রীর আকস্মিক ও পূর্ব নোটিশহীন পরিদর্শন উদ্যোগের প্রশংসা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। একই সঙ্গে চাঁদাবাজি, বাজার সিন্ডিকেট, মাদক ব্যবসা এবং রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের মতো সমস্যাগুলোও সরেজমিনে দেখতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৯ মে) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান সারজিস আলম।
পোস্টে তিনি উল্লেখ করেন, ঢাকার দুই সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার প্রকৃত অবস্থা জানতে প্রধানমন্ত্রী কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় বর্জ্য অপসারণে অব্যবস্থাপনা ও দায়িত্বে অবহেলার বিষয় সামনে এলে সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।
সারজিস আলম বলেন, বর্জ্য ব্যবস্থাপনার বিদ্যমান সমস্যার জন্য শুধু কয়েকজন ব্যক্তি নয়, বরং একটি বৃহত্তর প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো দায়ী। তারপরও বাস্তব পরিস্থিতি জানতে সরাসরি মাঠে গিয়ে পরিদর্শনের উদ্যোগকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন।
তিনি লেখেন, “প্রকৃতপক্ষে যে সামষ্টিক সিস্টেম এটার জন্য দায়ী, তারা সবাই শাস্তি না পেলেও এই উদ্যোগ প্রশংসনীয়। এজন্য জনাব তারেক রহমানকে ধন্যবাদ।”
এনসিপির এই নেতা মনে করেন, প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করতে এবং নাগরিক সেবার মানোন্নয়নে শীর্ষ পর্যায়ের এমন আকস্মিক পরিদর্শন কার্যকর ভূমিকা রাখতে পারে।
তবে শুধু বর্জ্য ব্যবস্থাপনা নয়, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে এমন আরও কিছু গুরুত্বপূর্ণ সমস্যার প্রতিও সরকারের মনোযোগ দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
পোস্টের শেষাংশে সারজিস আলম বলেন, “ঠিক একই কায়দায় সমাজে জেঁকে বসা অবৈধ চাঁদাবাজি, নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেট, মাদকের মরণব্যাধি ব্যবসা এবং দলীয় নেতাকর্মীদের ক্ষমতার অপব্যবহারের যে বিশাল বলয় গড়ে উঠেছে, সেগুলোতেও মাননীয় প্রধানমন্ত্রীকে ছদ্মবেশে ঘুরে বাস্তব অভিজ্ঞতা গ্রহণের সবিনয় আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, সমাজ থেকে এসব গভীর অনিয়ম দূর করা গেলে দেশের সাধারণ মানুষ তার প্রকৃত সুফল ভোগ করতে পারবে।









