বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রদর্শিত পথ ও আদর্শ বুকে ধারণ করেই বিএনপি সামনে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৯ মে) শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। শনিবার (৩০ মে) দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করবে বিএনপি।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের কাছে জবাবদিহিতা, প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, পরমতসহিষ্ণুতা এবং সব নাগরিক অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর।

তিনি বলেন, গণতন্ত্রকে স্থিতিশীল ও স্থায়ী রূপ দিতে রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে হবে। জাতীয় জীবনের সব সংকট, সংগ্রাম ও পুনর্গঠনে শহীদ জিয়ার প্রদর্শিত পথ ও আদর্শ বুকে ধারণ করেই সামনে এগিয়ে যেতে হবে।

জাতীয় স্বার্থ, বহুমাত্রিক গণতন্ত্র ও জনগণের অধিকার সুরক্ষায় ইস্পাতকঠিন গণঐক্য গড়ে তোলার আহ্বানও জানান তিনি।

জিয়াউর রহমানের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, নির্ভীক ও নির্মোহ রাষ্ট্রনায়ক শহীদ জিয়ার আদর্শ, দেশপ্রেম, সততা ও কর্মনিষ্ঠা আজও জাতীয়তাবাদী শক্তির প্রেরণার উৎস।

তিনি দাবি করেন, শহীদ জিয়ার জনপ্রিয়তা দেশি-বিদেশি চক্রান্তকারী শক্তি কখনোই মেনে নিতে পারেনি। ক্ষমতা গ্রহণের পর থেকেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয় এবং ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের মাধ্যমে দেশ একজন মহান দেশপ্রেমিককে হারায়।

মির্জা ফখরুল আরও বলেন, কোনো ক্ষণজন্মা রাষ্ট্রনায়ককে হত্যা করলেই তিনি বিস্মৃত হন না; বরং জনগণের হৃদয়ে চিরজাগরুক হয়ে থাকেন। তিনি বলেন, খালেদা জিয়া শহীদ জিয়ার প্রদর্শিত পথ অনুসরণ করেই বহুদলীয় গণতন্ত্র ও দেশের উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়েছেন।

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ভয় ও আতঙ্ক সৃষ্টি করে আওয়ামী ফ্যাসিবাদ দীর্ঘ ১৭ বছর ক্ষমতায় টিকে ছিল। গুম, খুন, নির্যাতন ও দমন-পীড়ন ছিল তাদের ক্ষমতা ধরে রাখার হাতিয়ার।

তিনি আরও বলেন, দেশের সম্পদ বিদেশে পাচার করে একটি লুটেরা মাফিয়া অর্থনীতি প্রতিষ্ঠা করা হয়েছিল। এ পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্র, শ্রমিক ও সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হয়ে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটায়।