বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগে আগের নিয়মই বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রিলিমিনারি, লিখিত ও এমসিকিউ ধাপের মাধ্যমে নিবন্ধন সনদ অর্জন করতে হবে প্রার্থীদের। একই সঙ্গে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের দায়িত্বও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমেই বহাল থাকছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।

সভায় এনটিআরসিএর চেয়ারম্যান আলিফ রুদাবা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব হেলালুজ্জামান সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘শিক্ষক নিয়োগ বা নিবন্ধন পরীক্ষা আগের মতোই নেওয়া হবে। আগের নেওয়া সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। শিগগিরই এ-সংক্রান্ত পরিপত্র জারি হবে।’

নতুন সিদ্ধান্তের ফলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগে এনটিআরসিএর মাধ্যমে নিবন্ধন ও প্রত্যয়ন পাওয়ার আগের পদ্ধতিই অনুসরণ করা হবে। অর্থাৎ প্রার্থীদের নির্ধারিত ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিবন্ধন সনদ অর্জন করতে হবে।

সংশ্লিষ্টরা জানান, এ-সংক্রান্ত পরিপত্র জারি হলে শিক্ষক নিবন্ধন ও নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত নির্দেশনা স্পষ্ট হবে।