শিরোনাম:
‘ফ্যানের বাতাস খাচ্ছে, হাতে হারিকেন নিয়ে বলছে—গ্যাস দে, বিদ্যুৎ দে’

ফাইল ছবি
১৫ আগস্ট ২০২৬, ১০:১১
নিউজ ডেস্ক
আজকের গুরুত্বপূর্ণ জাতীয় খবর
বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে সরকারের সমালোচনাকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “পেছনে ফ্যানের বাতাস খাচ্ছে, হাতে হারিকেন নিয়ে বসে বলছে—গ্যাস দে, বিদ্যুৎ দে; এগুলো হঠকারিতা।”
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া-মোনাজাত এবং দুস্থ, অসহায় ও অসুস্থ মানুষের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে শনিবার (১৫ আগস্ট) এসব কথা বলেন তিনি। রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ সমালোচনা করা হচ্ছে অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, “পেছনে ফ্যানের বাতাস খাচ্ছে, হাতে হারিকেন নিয়ে বসে বলছে—গ্যাস দে, বিদ্যুৎ দে; এগুলো হঠকারিতা।”
তারেক রহমান বলেন, তাদের বন্ধুরাই ক্ষমতায় ছিল। অন্তর্বর্তীকালীন সরকার এলএনজি টার্মিনাল স্থাপনের কাজ বন্ধ করে দিয়েছে। সরকার দেশে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের চেষ্টা করছে, এজন্য সময় প্রয়োজন। সংকট সমাধানে চীন ও মালয়েশিয়ার সঙ্গে সরকারের আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
বিরোধী দলের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “তিন থেকে ছয় মাসের মধ্যে গ্যাস-বিদ্যুতের সমাধান দিতে পারলে বিরোধী দলের পরিকল্পনা সরকার গ্রহণ করবে। যদি তা না পারে, তাহলে বিভ্রান্তির রাজনীতির জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।”
তিনি বলেন, “বিভ্রান্তি, হঠকারী রাজনীতি বাদ দেন। জনগণের উপকার হবে—এমন পরিকল্পনা থাকলে উপস্থাপন করুন। রাস্তায় বসে ভাঙচুরের রাজনীতির দিন শেষ।”
সমালোচনা করা সহজ মন্তব্য করে তারেক রহমান বলেন, “মুরদ থাকলে কোদাল হাতে মাঠে নামুন, জনগণের জন্য কাজ করুন। এমন কথা বলবেন না, যাতে দেশে বিশৃঙ্খলা হয়।”
তিনি আরও বলেন, “যারা আজ বড় বড় কথা বলছে, ১৭ বছর জনগণ আপনাদের রাজপথে দেখেনি। পত্রিকা বের করুন, আমাদের দলের নেতাকর্মীরা কীভাবে ১৭ বছর নির্যাতন সহ্য করেছে দেখুন।”
বিরোধী দলের রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, “৭১, ’৮৬, ’৯৬-এ ভুল করেছেন। ’২৪-এ টিকিট বিক্রি করে ভুল করেছেন। এখন উসকানি, বিভ্রান্তির রাজনীতি পরিহার করুন।”
দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, এগিয়ে যেতে হলে ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমিকের হাতে রূপ দিতে হবে।
তিনি বলেন, “আমি কী পেলাম, সেটা বড় নয়; বরং জনগণের জন্য কী করতে পারলাম, সেটাই বড়।”









