বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, চলতি বছরের হজ মৌসুমে বাংলাদেশি হাজীদের সেবা ও কল্যাণ নিশ্চিত করতে ধর্ম মন্ত্রণালয় সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করেছে। তিনি জানান, পুরো হজ কার্যক্রমে তিনি মন্ত্রী হিসেবে নয়, বরং হাজীদের একজন ‘খাদেম’ হিসেবে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন।

শুক্রবার রাতে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে সৌদি আরবের মক্কায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ধর্মমন্ত্রী।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী আমাকে হাজীদের খাদেম হিসেবে দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করেছি।”

ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান হাজীদের সেবার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তার উদ্যোগে হাজীদের জন্য বিনামূল্যে লাগেজ র‌্যাপিং, বিশুদ্ধ পানিসহ বিভিন্ন সুবিধা নিশ্চিত করা হয়েছে। এছাড়া আরাফা ও মিনায় হাজীদের মধ্যে জুস বিতরণের ব্যবস্থাও করা হয়।

তিনি বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে এবারের হজ ব্যবস্থাপনা সফলভাবে সম্পন্ন হয়েছে। এ সফলতার পেছনে ধর্ম মন্ত্রণালয়, হজ অফিস, চিকিৎসক দল, প্রশাসনিক কর্মকর্তা, হজ এজেন্সির নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে।

ধর্মমন্ত্রী আরও বলেন, হজ চলাকালে হাজীদের আবাসন, চিকিৎসা ও অন্যান্য সেবাসংক্রান্ত বিষয় নিয়মিত তদারকি করা হয়েছে। বাংলাদেশি হাজীরা যাতে নির্বিঘ্নে হজ পালন করতে পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সবাই নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

আগামী বছরের হজ ব্যবস্থাপনা আরও উন্নত ও জনবান্ধব করার পরিকল্পনার কথাও জানান তিনি। ধর্মমন্ত্রী বলেন, এবারের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে সেবার মান আরও বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সৌদি আরবের হজ ব্যবস্থাপনার প্রশংসা করে তিনি বলেন, এবার অত্যন্ত সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে হজ সম্পন্ন হয়েছে। এ জন্য সৌদি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রশংসার দাবিদার।