জিয়াউর রহমানের সমাধিতে ছাত্রদলের শ্রদ্ধা

ফাইল ছবি
৩০ মে ২০২৬, ০৬:৫১
নিউজ ডেস্ক
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
শনিবার (৩০ মে) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনটির কেন্দ্রীয় সংসদসহ বিভিন্ন ইউনিটের হাজারো নেতাকর্মী। পরে তারা শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ছাত্রদলের সাবেক সভাপতি হাবিব উন নবী খান সোহেল, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
এছাড়া ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি আবু আফসান ইয়াহিয়া, সহসভাপতি এইচ এম আবু জাফর, খোরশেদ আলম সোহেল, মঞ্জুরুল রিয়াদ, রিয়াদ রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক শ্যামল মালুম, যুগ্ম সম্পাদক ফারুক হোসেন, সালেহ মো. আদনান, প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভসহ কেন্দ্রীয়, মহানগর এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ছাত্রদলের নেতারা জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও দেশের প্রতি তার অবদানের কথা স্মরণ করেন।
তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। জাতীয় সংকট ও সংগ্রামের সময়ে তার দেখানো পথই পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।
নেতারা আরও বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের যে ভিত্তি জিয়াউর রহমান গড়ে দিয়ে গেছেন, তা দেশের মানুষ দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বর্তমান সময়ে তরুণ সমাজকে তার আদর্শে উজ্জীবিত হয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের সুস্থতা ও কল্যাণ কামনা করা হয়।









