হজ শেষে দেশে ফিরেছেন ৬ হাজার ১৭৫ হাজি

ফাইল ছবি
৩১ মে ২০২৬, ০২:০৭
নিউজ ডেস্ক
পবিত্র হজ পালন শেষে বাংলাদেশি হাজিদের দেশে ফেরা শুরু হয়েছে। শনিবার (৩০ মে) দিবাগত রাত ৩টা পর্যন্ত ১৫টি ফিরতি ফ্লাইটে মোট ৬ হাজার ১৭৫ জন হাজি দেশে ফিরেছেন। একই সময়ে সৌদি আরবে বাংলাদেশি হাজিদের মধ্যে ৩৭ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
রোববার (৩১ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে প্রকাশিত আইটি হেল্প ডেস্কের দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিন অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪১৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৭৫৯ জন রয়েছেন।
ফিরতি যাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১ হাজার ১৮৪ জন, সৌদি এয়ারলাইন্স ১ হাজার ৬৯১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৩ হাজার ৩০০ জন হাজিকে বহন করেছে।
এ পর্যন্ত মোট ১৫টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩টি, সৌদি এয়ারলাইন্স ৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৮টি ফ্লাইট পরিচালনা করেছে।
অন্যদিকে, সৌদি আরবে এখন পর্যন্ত ৩৭ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২৪ জন পুরুষ এবং ১৩ জন নারী। তাদের মধ্যে মক্কায় ২৭ জন ও মদিনায় ১০ জন মারা গেছেন।
বুলেটিনে আরও জানানো হয়, সৌদি আরবের বিভিন্ন স্থানীয় হাসপাতালে এ পর্যন্ত ১৭৬ জন হাজি চিকিৎসাসেবা নিয়েছেন। বর্তমানে ২৬ জন হাজি বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।
চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়।
হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট ছিল ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট পরিচালিত হয় ২১ মে। আর ৩০ মে থেকে শুরু হওয়া ফিরতি ফ্লাইট কার্যক্রম আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।









