পরিবারের বাধা পেরিয়ে বিয়ে, রাশমিকা-বিজয়ের প্রেমের গল্পে নতুন অধ্যায়

সংগৃহীত ছবি
১৭ মার্চ ২০২৬, ০৪:১৫
নিউজ ডেস্ক
আট বছরের দীর্ঘ সম্পর্কের পর অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন দক্ষিণি সিনেমার আলোচিত জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। গত ২৬ ফেব্রুয়ারি ভারতের উদয়পুরে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বিয়ের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এই তারকা জুটির নানা মুহূর্তের ছবি। ভক্তরাও শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন নবদম্পতিকে।
তবে এই স্বপ্নের বিয়ের পথে যাত্রা মোটেও সহজ ছিল না। দীর্ঘ এই সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে নানা বাধার সম্মুখীন হতে হয়েছে, বিশেষ করে পারিবারিক আপত্তির কারণে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন রাশমিকা মান্দানা। তিনি জানান, ২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ সিনেমার সাফল্যের পর বিজয় দেবরাকোন্ডার সঙ্গে দ্বিতীয়বার কাজ করতে গেলে তার পরিবার তাতে রাজি ছিল না। তাদের ধারণা ছিল, চলচ্চিত্র জগৎ মেয়েদের জন্য নিরাপদ নয় এবং প্রথম ছবির সাফল্যের পরই থেমে যাওয়া উচিত।
রাশমিকা বলেন, পরিবারকে রাজি করাতে তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। তিনি বোঝানোর চেষ্টা করেন, বিষয়টি সহ-অভিনেতা কে—সেটি নয়, বরং অভিনয়ের প্রতি তার ভালোবাসা এবং একজন সফল অভিনেত্রী হওয়ার স্বপ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি আরও জানান, পরিচালক ভারত কর্মার ‘ডিয়ার কমরেড’ সিনেমায় ‘লিলি’ চরিত্রে অভিনয় করার জন্য তিনি বেশ লড়াই করেছেন। পরিবারের আপত্তি সত্ত্বেও নিজের সিদ্ধান্তে অটল ছিলেন তিনি।
এদিকে ‘ডিয়ার কমরেড’ সিনেমায় রাশমিকা ও বিজয়ের একটি চুম্বন দৃশ্য নিয়েও ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিল। সেই দৃশ্য রাশমিকার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলেছিল বলেও মন্তব্য করেছিলেন বিজয় দেবরাকোন্ডা।
উল্লেখ্য, ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’-এর পর দীর্ঘদিন একসঙ্গে দেখা না গেলেও শিগগিরই এই জুটিকে আবারও একসঙ্গে দেখা যাবে ‘রাণাবলী’ সিনেমায়।








