বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

অনুমতি ছাড়া বিজ্ঞাপনে নিজের ছবি ব্যবহারের অভিযোগে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিকসের বিরুদ্ধে ১ কোটি ৫০ লাখ ডলারের ক্ষতিপূরণ মামলা করেছেন ব্রিটিশ পপ তারকা দুয়া লিপা।

মামলায় বলা হয়েছে, খুচরা বিক্রির জন্য রাখা টেলিভিশনের কার্ডবোর্ড বাক্সে দুয়া লিপার একটি কপিরাইট করা ছবি ব্যবহার করেছে স্যামসাং। এতে সাধারণ মানুষের কাছে এমন ধারণা তৈরি হয়েছে যে, জনপ্রিয় এই শিল্পী পণ্যটির প্রচার বা অনুমোদন দিয়েছেন।

আদালতে জমা দেওয়া তথ্য অনুযায়ী, ব্যবহৃত ছবিটির শিরোনাম ছিল ‘Dua Lipa — Backstage at Austin City Limits, 2024’। ছবিটির পূর্ণ স্বত্ব দুয়া লিপার মালিকানাধীন বলে দাবি করা হয়েছে।

ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে দায়ের করা মামলায় কপিরাইট ও ট্রেডমার্ক লঙ্ঘনের পাশাপাশি ‘পাব্লিসিটি রাইটস’ লঙ্ঘনের অভিযোগও আনা হয়েছে।

লিপার আইনজীবীরা জানান, গত বছরের জুনে বিষয়টি নজরে আসার পর স্যামসাংকে ছবিটি সরানোর অনুরোধ করা হলেও প্রতিষ্ঠানটি তা প্রত্যাখ্যান করে।

মামলায় আরও দাবি করা হয়েছে, এই অননুমোদিত ব্যবহারের ফলে দুয়া লিপার ব্র্যান্ড ইমেজ ও বাণিজ্যিক সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম