শিরোনাম:
রেসিং দুর্ঘটনার পর কেমন আছেন অজিত কুমার?

ফাইল ছবি
২৪ আগস্ট ২০২৬, ০৪:১৮
নিউজ ডেস্ক
আজকের গুরুত্বপূর্ণ বিনোদন খবর
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার অভিনয়ের পাশাপাশি রেসিংয়ের জন্যও বেশ পরিচিত। নিয়মিত রেসিংয়ে অংশ নেওয়া এই অভিনেতা সম্প্রতি ইউরোপে একটি ‘হাই স্পিড এনডিওরেন্স ইভেন্ট’-এ অংশ নিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন। তবে দুর্ঘটনার পর তিনি নিরাপদে রয়েছেন এবং গুরুতর কোনো চোট পাননি।
সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘এনডিওরেন্স চ্যাম্পিয়নশিপ’ চলাকালে অজিতের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়িকে ধাক্কা দেয়। তবে দুর্ঘটনার পরও তিনি অক্ষত রয়েছেন।
অবশ্য রেসিং ট্র্যাকে এটাই অজিতের প্রথম দুর্ঘটনা নয়। ২০২৫ সালে ইতালিতে ‘জিটি৪ ইউরোপিয়ান সিরিজ’-এ তার গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিল। সে সময়ও কোনো চোট ছাড়াই বেরিয়ে আসেন তিনি। একই বছর স্পেনের একটি প্রতিযোগিতায় তার গাড়ি দুবার উল্টে গেলেও অক্ষত ছিলেন এই অভিনেতা। এর আগে দুবাইয়ে রেসিং অনুশীলনের সময়ও দুর্ঘটনার শিকার হয়েছিল তার গাড়ি।
আন্তর্জাতিক সার্কিটে রেস করা এবং ফর্মুলা চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া হাতেগোনা কয়েকজন ভারতীয়র মধ্যে অজিত কুমার অন্যতম।
গত বছর ‘দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া’-কে দেওয়া এক সাক্ষাৎকারে দুর্ঘটনার পর নিজের মানসিক অবস্থার কথাও জানিয়েছিলেন তিনি। অজিত বলেছিলেন, দুর্ঘটনার পর প্রথমে তিনি নিজের শরীরে কোনো গুরুতর আঘাত লেগেছে কি না তা বোঝার চেষ্টা করেন। এরপর গাড়ির অবস্থা দেখে সেটি আবার চালু করে রেসে ফিরতে পারবেন কি না, তা নিশ্চিত করেন।
রেসিংয়ের ঝুঁকি সম্পর্কে অজিত বলেন, দুর্ঘটনার কারণে তার পরিবারের সদস্যদেরও মানসিক চাপের মধ্যে পড়তে হয়। তবে অন্য রেসাররাও দুর্ঘটনার শিকার হন, শুধু তিনি অভিনেতা হওয়ায় তার দুর্ঘটনার খবর বেশি আলোচনায় আসে।
রেসিং ছেড়ে দেওয়ার বিষয়ে অজিত জানিয়েছিলেন, এখন পর্যন্ত তার কোনো দুর্ঘটনার কারণে অনুশীলন বা রেস থেকে দীর্ঘ সময় দূরে থাকতে হয়নি। তবে চলচ্চিত্রে কাজ করতে গিয়ে তার ২৯ বার অস্ত্রোপচার হয়েছে বলেও জানান তিনি।
অভিনেতাকে সর্বশেষ ‘বিদামুয়ার্চি’ ও ‘গুড ব্যাড আগলি’ সিনেমায় দেখা গেছে। তার পরবর্তী সিনেমা ‘ডেয়ারডেভিল’, যার পরিচালক অধিক রবিচন্দ্রন।









