বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

পরিচালক অদিত্য ধর-এর ‘ধুরন্ধর’ সিনেমায় অভিনয়ের সুযোগ না পাওয়া নিয়ে মুখ খুলেছেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। সম্প্রতি এক অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন তিনি।

অক্ষয় কুমার বলেন, “আমি হয়তো চরিত্রটির জন্য মানানসই ছিলাম, কিন্তু পরিচালক তা মনে করেননি। তাই আমি সুযোগ পাইনি।”

এ সময় তিনি ‘সূর্যবংশী’ সিনেমার সহশিল্পী রণবীর সিং-এর অভিনয়েরও প্রশংসা করেন। তার মতে, ‘ধুরন্ধর’ একটি পূর্ণাঙ্গ অ্যাকশনধর্মী চলচ্চিত্র এবং দর্শকরা এটি বেশ পছন্দ করেছেন।

অক্ষয় কুমার বর্তমান সময়ে দর্শকদের বদলে যাওয়া পছন্দের দিকটিও তুলে ধরেন। তিনি বলেন, একসময় অ্যাকশন সিনেমা ব্যাপক জনপ্রিয় ছিল, তবে এখন দর্শকরা বেশি ঝুঁকছে হরর-কমেডি ধারার সিনেমার দিকে। উদাহরণ হিসেবে তিনি ‘স্ত্রী’ সিনেমার সাফল্যের কথা উল্লেখ করেন।

এদিকে, সম্প্রতি মুম্বাই সিটি কর্পোরেশন (বিএমসি)-এর ‘মুম্বাই ক্লিন লিগ’ অনুষ্ঠানে অংশ নিয়ে পরিচ্ছন্নতার গুরুত্বের ওপরও জোর দেন এই অভিনেতা। তিনি বলেন, “পরিচ্ছন্নতা খুবই গুরুত্বপূর্ণ। কাজের ফাঁকেও এখানে আসা দরকার মনে করেছি। আমাদের ইতিবাচক মনোভাব নিয়ে এগোতে হবে।”

অক্ষয় কুমারের আসন্ন সিনেমার মধ্যে রয়েছে প্রিয়দর্শন পরিচালিত ‘ভূত বাংলা’ এবং রোহিত শেঠী পরিচালিত ‘গোলমাল ৫’। এসব সিনেমায় তার সঙ্গে অভিনয় করবেন অজয় দেবগনসহ আরও অনেকে।