রাহুলের স্মৃতি ধরে রাখতে যা করল হোটেল কর্তৃপক্ষ

ফাইল ছবি
৩১ মার্চ ২০২৬, ০১:২০
নিউজ ডেস্ক
রাহুলের মৃত্যুতে শোকস্তব্ধ টালিপাড়া। ভারতের পশ্চিমবঙ্গের দিঘার তালসারি সৈকতে শুটিং করতে গিয়ে সমুদ্রের পানিতে ডুবে মারা গেছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তার এই আকস্মিক মৃত্যুতে দুই বাংলার বিনোদন অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
প্রিয় এই অভিনেতার স্মৃতি ধরে রাখতে তালসারির যে হোটেলে তিনি অবস্থান করছিলেন, সেই হোটেলের ‘৪০০৫’ নম্বর কক্ষটি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
জানা গেছে, রাহুল যে কক্ষটিতে ছিলেন, সেখানে এখনো তার ব্যবহৃত জিনিসপত্র আগের মতোই রাখা রয়েছে। বিছানায় পড়ে থাকা হ্যাঙ্গার, ব্যবহৃত চায়ের কাপ ও টি-ব্যাগ—সবকিছুই সংরক্ষণ করা হয়েছে তার স্মৃতির অংশ হিসেবে।
হোটেলের মালিক সৌরভ চৌধুরী জানান, রাহুল অত্যন্ত অমায়িক ও সহজ-সরল মানুষ ছিলেন। খাবারের বিষয়ে তিনি সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতেন।
মৃত্যুর আগে রাহুল তার কাছে খিচুড়ি, বেগুন ভাজা ও আলু সেদ্ধ খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এমনকি পরবর্তী সময়ে এলে মাছ খাওয়ার কথাও বলে গিয়েছিলেন এই অভিনেতা।
উল্লেখ্য, রোববার (২৯ মার্চ) তালসারি সৈকতে শুটিং চলাকালে সমুদ্রের পানিতে তলিয়ে যান রাহুল। পরে সোমবার ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর কারণ হিসেবে পানিতে ডুবে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া এই অভিনেতা তার অভিনয় ও লেখনীর মাধ্যমে ভক্তদের হৃদয়ে দীর্ঘদিন বেঁচে থাকবেন।








