বিতর্কিত গানের কারণে নারী কমিশনে হাজিরা সঞ্জয়ের

ফাইল ছবি
২৯ এপ্রিল ২০২৬, ১২:১৭
নিউজ ডেস্ক
দিল্লির জাতীয় মহিলা কমিশনে হাজিরা দিয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। আসন্ন সিনেমা ‘কেডি: দ্য ডেভিল’-এর একটি গানে অশালীন ও কুরুচিকর শব্দ ব্যবহারের অভিযোগে কমিশন তাকে তলব করেছিল।
সোমবার (২৭ এপ্রিল) তিনি কমিশনের সামনে হাজির হন।
বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা ‘সরকে চুনরী…’ শিরোনামের একটি আইটেম গান, যেখানে মডেল ও অভিনেত্রী নোরা ফাতেহিকে নাচতে দেখা যায়। গানটি প্রকাশের পরই সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই গানটির দৃশ্য ও উপস্থাপনাকে অশালীন ও কুরুচিকর বলে মন্তব্য করেন।
বিতর্ক বাড়তে থাকায় গানটি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়। একইসঙ্গে নোরা ফাতেহিও এ ঘটনায় প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন।
গানটিতে সঞ্জয় দত্তকেও দেখা যায়, যা নিয়ে সমালোচনা আরও বাড়ে এবং বিষয়টি জাতীয় মহিলা কমিশনের নজরে আসে।
শুনানির পর সঞ্জয় দত্ত বলেন, তিনি গানের ভাষা বা কথার প্রকৃত অর্থ সম্পর্কে অবগত ছিলেন না। তার দাবি, শিল্পী হিসেবে তিনি শুধু তার পেশাগত দায়িত্ব পালন করেছেন।
তার আইনজীবী হেমন্ত শাহ গণমাধ্যমকে জানান, গানটি এমন ভাষায় রেকর্ড করা হয়েছিল যা সঞ্জয় দত্ত বোঝেন না। তবে এ ধরনের কাজে যুক্ত থাকার জন্য তিনি ক্ষমা চেয়েছেন এবং ভবিষ্যতে সমাজকল্যাণমূলক কাজের অংশ হিসেবে ৫০ জন আদিবাসী শিশুর শিক্ষার দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছেন।
শুনানি শেষে সঞ্জয় দত্ত কোনো মন্তব্য না করে দ্রুত কমিশনের দপ্তর ত্যাগ করেন।








