রাহুলের মৃত্যু ঘিরে নতুন বিতর্ক, ময়নাতদন্তে উঠে এলো গুরুত্বপূর্ণ তথ্য

ফাইল ছবি
৩১ মার্চ ২০২৬, ০১:১৮
নিউজ ডেস্ক
টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় মাত্র ৪৩ বছর বয়সে মারা গেছেন। তার মৃত্যু ঘিরে শোকের আবহ কাটতে না কাটতেই নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। শোকস্তব্ধ পরিবেশেই তার বাড়ির সামনে উত্তেজনাকর পরিস্থিতিরও উদ্ভব হয়।
রোববার (২৯ মার্চ) ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে ওড়িশার তালসারি সমুদ্রসৈকতে পানিতে ডুবে প্রাণ হারান রাহুল। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে চলচ্চিত্র জগতের অনেকেই শোক প্রকাশ করেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকবার্তা দেন এবং তৃণমূল কংগ্রেসের নেতা অরূপ বিশ্বাস অভিনেতার বাড়িতে যান।
জানা গেছে, রাহুলের বিজয়গড়ের বাড়িতে সোমবার থেকে ভিড় জমতে থাকে। পরিবারের পাশে দাঁড়াতে সেখানে উপস্থিত হন ইন্ডাস্ট্রির একাধিক তারকা। সোহিনী সরকার, শোভন গঙ্গোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, দেবলীনা দত্ত, সৌরভ দাস, দর্শনা বণিক ও বিক্রম চট্টোপাধ্যায়সহ অনেকে সেখানে যান।
তবে শোকের এই পরিবেশেই নতুন করে বিতর্কের জন্ম দেয় বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীর উপস্থিতি। টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের এই প্রার্থী রাহুলের বাড়িতে পৌঁছালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, তার সঙ্গে থাকা কিছু কর্মী-সমর্থক বাড়ির সামনে স্লোগান দিতে শুরু করেন।
এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। তারা জানান, এটি শোকের স্থান—এখানে রাজনৈতিক স্লোগান বা প্রচার গ্রহণযোগ্য নয়। এ নিয়ে স্থানীয়দের সঙ্গে বিজেপি সমর্থকদের বাগবিতণ্ডা শুরু হয়, যা দ্রুত উত্তেজনায় রূপ নেয়।
অন্যদিকে, রাহুলের মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টেও গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। তমলুক হাসপাতাল সূত্রে জানা গেছে, তার ফুসফুসে বালি প্রবেশ করেছিল এবং তা ফুলে প্রায় দ্বিগুণ হয়ে যায়। চিকিৎসকদের ধারণা, তিনি এক ঘণ্টারও বেশি সময় পানির নিচে নিমজ্জিত ছিলেন।
একদিকে শোক, অন্যদিকে রাজনৈতিক উত্তেজনা—সব মিলিয়ে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে বিতর্ক ক্রমেই বাড়ছে। পরিবার ও সহকর্মীদের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন করা হোক।








