কার জন্য এই উদাসীনতা? রাহুলের মৃত্যুতে বিস্ফোরক মন্তব্য রুদ্রনীলের

ফাইল ছবি
৩১ মার্চ ২০২৬, ০১:১৬
নিউজ ডেস্ক
অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমেছে টালিউডে। সহশিল্পী থেকে শুরু করে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশের পাশাপাশি ঘটনার নানা দিক নিয়ে প্রশ্ন তুলছেন। এবার এ বিষয়ে সরব হয়েছেন টালিউডের আরেক অভিনেতা রুদ্রনীল ঘোষ।
রুদ্রনীল বলেন, রাহুলের মৃত্যু মর্মান্তিক—এভাবে বললেও কম বলা হয়। একজন সুস্থ, স্বাভাবিক, বুদ্ধিমান ও গুণী অভিনেতার এভাবে চলে যাওয়া অত্যন্ত উদ্বেগজনক। কেওড়াতলা মহাশ্মশানে দাঁড়িয়ে তিনি জানান, বুম্বাদা, কৌশিকদা, অঙ্কুশসহ অনেকেই সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু এখনো এ খবর বিশ্বাস করা কঠিন।
তিনি আরও বলেন, এই সময়টা অত্যন্ত কঠিন। বর্তমান সময়ে অনেকেই নিজের অবস্থান ধরে রাখতে আপোষ করেন, কিন্তু রাহুল কখনো আত্মসম্মানের সঙ্গে আপোষ করেননি। নিজের মতামত যুক্তি দিয়ে তুলে ধরতেন। সমাজ ও রাজনীতি নিয়েও তার গভীর জ্ঞান ছিল। স্ট্রাগলের সময় দুজন একসঙ্গে অনেকটা পথ চলেছেন বলেও জানান রুদ্রনীল।
রাহুলের মৃত্যুকে ঘিরে নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তোলেন এই অভিনেতা। তার অভিযোগ, শিল্পী বা টেকনিশিয়ানদের নিরাপত্তার জন্য আলাদা কোনো বাজেট রাখা হয় না। যদিও নানা নিয়মনীতি রয়েছে, বাস্তবে সেগুলোর যথাযথ প্রয়োগ দেখা যায় না।
তিনি বলেন, তালসারিতে যারা উপস্থিত ছিলেন তাদের বক্তব্যে অসঙ্গতি রয়েছে। ময়নাতদন্ত রিপোর্টে বলা হয়েছে, রাহুল প্রায় এক ঘণ্টা পানির নিচে ছিলেন। তবে স্থানীয় সূত্র থেকে তিনি জেনেছেন, বিষয়টি তেমন ছিল না। তার দাবি, ঘটনাস্থলটি উত্তাল সমুদ্র নয়, বরং খাড়ি সদৃশ সরু জলপথ, যেখানে পানির গভীরতাও সীমিত।
রুদ্রনীলের ভাষ্য অনুযায়ী, ড্রোন শট নেওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। তিনি বারবার উল্লেখ করেন, সহ-অভিনেতা ও উপস্থিত ব্যক্তিদের বয়ানে মিল না থাকায় সন্দেহ তৈরি হয়েছে। তাই তিনি নিরপেক্ষ ও কড়া তদন্তের দাবি জানান।
তার আশঙ্কা, এই ঘটনাকে যদি অবহেলা করে এড়িয়ে যাওয়া হয়, তবে ভবিষ্যতে এমন দুর্ঘটনা আবার ঘটতে পারে। তিনি বলেন, যে কোনো শিল্পী আবার রাহুলের মতো পরিস্থিতির শিকার হতে পারেন।
রুদ্রনীল আরও বলেন, আর্টিস্ট ফোরাম ও টেকনিশিয়ানদের নিরাপত্তা দেখভালের দায়িত্বে থাকা সংগঠনগুলোর উচিত এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া। পাশাপাশি নিরাপত্তা খাতে আলাদা বাজেট নির্ধারণ এবং দায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
সংবাদমাধ্যমের প্রতিও আহ্বান জানিয়ে রুদ্রনীল বলেন, শুটিংয়ে সাংবাদিকরাও উপস্থিত থাকেন, ফলে ঝুঁকি তাদের জন্যও রয়েছে। তাই সত্য উদঘাটনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
উল্লেখ্য, টালিউডের পরিচিত মুখ অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় পানিতে ডুবে মারা যান। তার বয়স হয়েছিল ৪২ বছর। পশ্চিমবঙ্গ ও ওড়িশার সীমান্তবর্তী তালসারি সমুদ্রসৈকতে শুটিং করতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন।








