বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব পড়েছে বলিউড কিং শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’-এ। মেগাবাজেটের এই সিনেমার শুটিং সূচিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, পূর্ব পরিকল্পনা ছিল দুবাইয়ে সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ অংশের শুটিং করার। তবে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন নির্মাতারা। বর্তমানে দুবাইয়ের পরিবর্তে মুম্বাইয়ের একটি স্টুডিওতে সেট তৈরি করে শুটিং চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিনেমা সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ৯ এপ্রিল থেকে দুবাইয়ে টানা এক সপ্তাহ ‘কিং’-এর শুটিং করার জন্য সব ধরনের প্রস্তুতি ও অনুমতি নেওয়া হয়েছিল। কিন্তু ইসরাইল ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যের আকাশসীমায় বিমান চলাচলে অস্থিরতার কারণে শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এ কারণে পুরো ইউনিটকে ঝুঁকির মুখে না ফেলে বিকল্প ব্যবস্থা হিসেবে মুম্বাইয়ের ভিলে পার্লে এলাকার একটি স্টুডিওতে দুবাইয়ের মরুভূমির আদলে বিশাল সেট নির্মাণ করা হয়েছে। সেখানেই সুহানা খান ও অনিল কাপুরের একটি অ্যাকশন ও চেজিং দৃশ্যের শুটিং করবেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ।

উল্লেখ্য, ‘কিং’ সিনেমার একটি বড় অংশের শুটিং ইতোমধ্যে লন্ডনে সম্পন্ন হয়েছে। অ্যাকশন ঘরানার এই সিনেমায় শাহরুখ খানের পাশাপাশি তার মেয়ে সুহানা খানও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।

নির্মাতারা বড় পর্দার দর্শকদের জন্য মানসম্মত চিত্রায়ণ নিশ্চিত করতে কোনো ধরনের আপস করতে চান না। তাই বিদেশের লোকেশন বাতিল হলেও স্টুডিওতে ব্যয়বহুল সেট নির্মাণের মাধ্যমে শুটিং চালিয়ে নেওয়া হচ্ছে।

সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে সিনেমাটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে।