বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

বলিউডে ‘কাস্টিং কাউচ’ ইস্যু নতুন কিছু নয়। সাধারণত অভিনেত্রীদের কাছ থেকেই এ ধরনের তিক্ত অভিজ্ঞতার কথা বেশি শোনা যায়। তবে এবার নিজের অভিজ্ঞতার কথা জানালেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘ধুরন্ধর’ খ্যাত এই অভিনেতা জানান, ক্যারিয়ারের শুরুর দিকে এক অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন তিনি। তখন বলিউডে নতুন হিসেবে নিজের অবস্থান তৈরি করা তার জন্য সহজ ছিল না।

রণবীর জানান, কাজের সূত্রে এক ব্যক্তির সঙ্গে দেখা হলে তিনি তাকে বলেন—শোবিজ অঙ্গনে টিকে থাকতে হলে চতুর হওয়ার পাশাপাশি শারীরিক আকর্ষণও জরুরি। কথোপকথনের একপর্যায়ে ওই ব্যক্তি তার সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন এবং তাকে স্পর্শ করার অনুমতি চান।

এতে অস্বস্তি বোধ করলেও রণবীর সরাসরি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ওই ব্যক্তির আচরণে তিনি এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন যে তাকে চড় মারতে ইচ্ছা করছিল। তবে ক্যারিয়ারের কথা ভেবে সেদিন নিজেকে সংযত রাখেন।

অভিযুক্ত ওই ব্যক্তির নাম প্রকাশ না করলেও রণবীর জানান, একই ব্যক্তি আরও এক উঠতি অভিনেতার সঙ্গেও এমন আচরণ করেছিলেন।

‘কাস্টিং কাউচ’ প্রসঙ্গে তিনি বলেন, “এ ধরনের ঘটনা সত্যিই ঘটে। আমার নিজের অভিজ্ঞতাও রয়েছে। সেদিন উনি আমাকে ওই প্রস্তাব দেওয়ার সময় মাথায় নানা চিন্তা আসছিল—মনে হচ্ছিল, আমি হয়তো রাগে ফেটে পড়ব অথবা তাকে আঘাত করব।”

এই ঘটনার মাধ্যমে আবারও সামনে এলো, বলিউডে কেবল অভিনেত্রীই নন, অভিনেতারাও কখনো কখনো এমন বিব্রতকর পরিস্থিতির শিকার হন।