বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

গেল ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাওয়া আলোচিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম বনলতা এক্সপ্রেস বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে।

তানিম নূর পরিচালিত এই সিনেমাটি মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহগুলোতে দর্শকদের ব্যাপক সমাগম ধরে রেখেছে। দর্শকদের প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও জমজমাট ব্যবসা করছে ছবিটি।

বিএমআর (বাংলাদেশ মুভি রেটিং)-এর সর্বশেষ তথ্যমতে, মুক্তির ছয় দিনে মাল্টিপ্লেক্স থেকে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১.৪৪ কোটি টাকা। শুধু ষষ্ঠ দিনেই ছবিটি আয় করেছে ২২.৩৩ লাখ টাকা।

এর আগে প্রথম দিনে ১৮.৫৪ লাখ টাকা দিয়ে যাত্রা শুরু করে দ্বিতীয় দিনে ২২.২৬ লাখ, তৃতীয় দিনে ২৮.৮৯ লাখ, চতুর্থ দিনে ২৮.১৮ লাখ এবং পঞ্চম দিনে ২৪.৩৫ লাখ টাকা আয় করে সিনেমাটি।

ষষ্ঠ দিনে স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাস মিলিয়ে মোট ২৯টি শো প্রদর্শিত হয়েছে। এর মধ্যে ২৫টি শো-ই ছিল হাউজফুল, যা সিনেমাটির জনপ্রিয়তার প্রমাণ বহন করে।

হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত এ সিনেমায় একটি ট্রেনযাত্রার গল্পের মধ্য দিয়ে যাত্রীদের জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে।

ছবিটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, লাবণ্য চৌধুরী ও শামীমা নাজনীনসহ আরও অনেকে।