এভারেস্ট জয় করতে চান শরীফুল রাজ

ফাইল ছবি
২৭ মার্চ ২০২৬, ১০:০২
নিউজ ডেস্ক
ঢাকাই সিনেমার ব্যস্ত অভিনেতা শরীফুল রাজ জানিয়েছেন, পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করা তার দীর্ঘদিনের স্বপ্ন।
সম্প্রতি জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে হাজির হয়ে তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী এক বছরের মধ্যেই এভারেস্ট অভিযানে যেতে চান। সে জন্য ইতোমধ্যে শারীরিক ও মানসিক প্রস্তুতি নিয়েছেন এবং বেশ কিছু প্রশিক্ষণও সম্পন্ন করেছেন।
রুম্মান রশীদ খানর সঞ্চালনায় পডকাস্টটি শনিবার (২৮ মার্চ) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচার হবে।
পডকাস্টে ঢালিউড সুপারস্টার শাকিব খান প্রসঙ্গেও কথা বলেন রাজ। ‘বরবাদ’ তারকার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “আমি এই মানুষটিকে খুব ভালোবাসি। তিনি ভীষণ কুল। শৈশবে স্কুল পালিয়ে সিনেমা দেখতে যেতাম—কখনো বন্ধুদের সঙ্গে, কখনো একা। সিনেমা দেখার জন্য বাসা থেকে অনেক বকাঝকাও খেয়েছি। সে সময় শাকিব খান অভিনীত ‘মরণ নিশান’ সিনেমা হলে দেখেছিলাম।”
তিনি আরও বলেন, “আমাদের বাংলা সিনেমায় দীর্ঘ সময় ধরে তিনি শীর্ষ জনপ্রিয়তা ধরে রেখেছেন। আমার মনে হয়, অনেক বড় মনের মানুষ না হলে বড় সুপারস্টার হওয়া যায় না। যতটুকু কাছ থেকে দেখেছি, তিনি ভীষণ ভালো মানুষ বলেই এত বছর ধরে জনপ্রিয়তা ধরে রাখতে পেরেছেন।”
উল্লেখ্য, এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমাগুলোর মধ্যে ‘বনলতা এক্সপ্রেস’ অন্যতম। তানিম নূর পরিচালিত এ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ। মুক্তির পর থেকেই ছবিটি দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে।








