শাকিব খানের জন্মদিনে প্রকাশ পাবে ‘রকস্টার’র ফার্স্টলুক

সংগৃহীত ছবি
২৭ মার্চ ২০২৬, ১০:০০
নিউজ ডেস্ক
ঢালিউড সুপারস্টার শাকিব খানর জন্মদিনে প্রকাশ পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘রকস্টার’-এর ফার্স্টলুক।
এবারের ঈদে মুক্তি পেয়েছে তার আলোচিত সিনেমা ‘প্রিন্স’। এরই মধ্যে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নতুন সিনেমার কাজও শুরু করেছেন এই তারকা। সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদেই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রকস্টার’। বর্তমানে মালয়েশিয়ায় ছবিটির শুটিং চলছে।
ছবিটি পরিচালনা করছেন আজমান রুশো। তিনি জানিয়েছেন, শনিবার (২৮ মার্চ) শাকিব খানের জন্মদিন উপলক্ষে এদিনই প্রকাশ করা হবে ছবিটির ফার্স্টলুক।
নির্মাতা বলেন, “খুব বেশি ট্রেন্ডি একজন রকস্টার লুক আমরা দেখাব, যিনি এই সময়ের সঙ্গে মানানসই। তিনি একজন রক মিউজিশিয়ান—নিজে গান লেখেন এবং নিজেই কম্পোজিশন করেন। এই ধারণা থেকেই চরিত্রটি ডিজাইন করা হয়েছে।”
জানা গেছে, প্রায় তিন দশকের ক্যারিয়ারে এর আগে এমন চরিত্রে দেখা যায়নি শাকিব খানকে। ‘রকস্টার’ সিনেমায় গল্প, নির্মাণশৈলী এবং লুকে নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে। শুটিংয়ের আগে চরিত্রের প্রস্তুতি হিসেবে কয়েকদিন গিটার অনুশীলনও করেছেন এই অভিনেতা।
ছবিটিতে শাকিব খানের বিপরীতে প্রধান নায়িকা হিসেবে থাকছেন সাবিলা নূর এবং দ্বিতীয় নায়িকা হিসেবে দেখা যাবে তানজিয়া জামান মিথিলাকে।
‘রকস্টার’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন আয়মান আসিব স্বাধীন, যিনি ‘বনলতা এক্সপ্রেস’, ‘উৎসব’, ওয়েব সিরিজ ‘কাইজার’ ও ওয়েব ফিল্ম ‘মাইনকার চিপায়’ খ্যাত। আর ছবিটি প্রযোজনা করছে সান কমিনিকেশন।








