রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকলে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালনের অধিকার ও সমান নাগরিক মর্যাদা পায়। ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও বাংলাদেশের নাগরিক হিসেবে সবার অধিকার সমান।

শনিবার (১৭ অক্টোবর) কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালীর বাজারের কুমারপুকুরপাড় দুর্গামণ্ডপ পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে, ততবারই সব ধর্মের মানুষের সমান অধিকারের বিষয়টি গুরুত্ব পেয়েছে। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—ধর্মীয় পরিচয় আলাদা হলেও নাগরিক হিসেবে সবাই সমান অধিকার ভোগ করবেন, এটাই হওয়া উচিত।

তিনি বলেন, দেশের বৈধ নাগরিকদের সমান অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বিএনপি ধর্মীয় গোঁড়ামিতে বিশ্বাস করে না। ধর্মীয় পরিচয়ের কারণে কাউকে ছোট করে দেখার সুযোগ নেই।

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে আমিন উর রশিদ বলেন, কোনো গোষ্ঠী যেন তাঁদের মধ্যে হীনম্মন্যতা বা বৈষম্যের অনুভূতি তৈরি করতে না পারে, সে বিষয়ে সজাগ থাকতে হবে। তাঁরা এ দেশের নাগরিক এবং অন্য সবার মতো তাঁদেরও সমান অধিকার রয়েছে। এই বিশ্বাস চিন্তা-চেতনা ও আচরণে ধারণ করতে হবে। তাহলেই সম্মিলিতভাবে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

দুর্গাপূজার নিরাপত্তা প্রসঙ্গে মন্ত্রী বলেন, পূজামণ্ডপগুলোতে দৃশ্যমান নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি সাদাপোশাকেও সরকারি কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় পূজা আনন্দময়, নির্বিঘ্ন ও নিরাপদ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, সরকার এমন পরিবেশ গড়ে তুলতে চায়, যেখানে ধর্মীয় উৎসব পালনের সময় কাউকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না। ভবিষ্যতে সনাতন ধর্মাবলম্বীরা যেন স্বাভাবিক ও নিরাপদ পরিবেশে নিজেদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সেটিই সরকারের লক্ষ্য।

এ সময় উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব তালুকদার, উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কায়ুম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি হাজী আনোয়ারুল হক এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।