শিরোনাম:
বাসস পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার

ফাইল ছবি
১২ অক্টোবর ২০২৬, ০৪:৫৯
নিউজ ডেস্ক
আজকের গুরুত্বপূর্ণ জাতীয় খবর
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার। আগামী তিন বছরের জন্য তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। ‘বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮’-এর ৭ ও ৮ ধারা অনুযায়ী বাসসের সার্বিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে নতুন পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, আদেশটি জারির দিন থেকেই কার্যকর হবে।
নতুন পরিচালনা বোর্ডে চেয়ারম্যানসহ মোট ১৩ জন সদস্য রয়েছেন। তাঁদের মধ্যে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, সংবাদমাধ্যমের সম্পাদক ও সংবাদকর্মীরা অন্তর্ভুক্ত রয়েছেন।
বোর্ডের অন্য সদস্যরা হলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেসের যুগ্মসচিব, অর্থ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদমর্যাদার প্রতিনিধি, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার এবং পদাধিকারবলে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক।
এ ছাড়া বোর্ডে পরিচালক হিসেবে রয়েছেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামছুল হক জাহিদ, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, ৭১ টিভির হেড অব নিউজ মো. শাহ আজিজুর রহমান, ওএসক্লিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং বাসসের বাংলা বিভাগের চিফ রিপোর্টার দিদারুল আলম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন পরিচালনা বোর্ড ‘বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮’-এর ৬ ধারার বিধান অনুযায়ী দায়িত্ব পালন করবে।









