অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ফাইল ছবি
৩০ মে ২০২৬, ০৬:৪৮
নিউজ ডেস্ক
দলের নেতাকর্মীদের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৩০ মে) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দুস্থদের মধ্যে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ কর্মসূচি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
তারেক রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি প্রতিবছর অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। বিভিন্ন এলাকায় সুবিধাবঞ্চিত ও সংকটে থাকা মানুষের জন্য দলের পক্ষ থেকে সহায়তার উদ্যোগ নেওয়া হয়।
তিনি বলেন, “আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, দলের পক্ষ থেকে শুধু নয়, আপনাদের যাদের পক্ষে সম্ভব, ব্যক্তিগত উদ্যোগেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। এটাই শহীদ জিয়ার শিক্ষা।”
প্রধানমন্ত্রী আরও বলেন, “আসুন, আমরা শপথ গ্রহণ করি যে, যার যার অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেব। আজকের দিনে এটিই হোক আমাদের প্রত্যাশা, এটিই হোক আমাদের সাফল্য।”
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলসহ দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে এদিন রাজধানীর ১৭টি স্থানে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নেন তারেক রহমান। সকালে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মানিক মিয়া অ্যাভিনিউয়ের টিঅ্যান্ডটি কলেজ মাঠে কর্মসূচির সূচনা করেন তিনি।
পরে রাজধানীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে দুস্থদের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করেন। নয়াপল্টনে সমাপনী কর্মসূচিতে যোগ দেওয়ার আগে খিলগাঁওয়ের জোড়পুকুর মাঠেও একই ধরনের কার্যক্রমে অংশ নেন প্রধানমন্ত্রী।









