বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাতীয় চিড়িয়াখানায় সম্প্রতি আনা ‘ডোনাল্ড ট্রাম্প’ নামে পরিচিত সাদা রঙের বিরল মহিষ বা অ্যালবিনো বাফেলো দেখতে দর্শনার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। ঈদের পরদিন বিকেল থেকেই চিড়িয়াখানার এল-০৭ নম্বর খাঁচার সামনে উৎসুক মানুষের উপস্থিতি বাড়তে থাকে।

শুক্রবার (২৯ মে) চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, ঈদের দিন দর্শনার্থীর সংখ্যা তুলনামূলক কম থাকলেও ঈদের দ্বিতীয় দিন থেকে সাদা মহিষটিকে ঘিরে আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চিড়িয়াখানার অন্যান্য প্রাণীর খাঁচার তুলনায় এই মহিষটির সামনে দর্শনার্থীদের ভিড় বেশি দেখা যাচ্ছে।

দর্শনার্থীদের সুবিধার্থে খাঁচার সামনে একটি পরিচিতিমূলক ট্যাগ সংযুক্ত করা হয়েছে। সেখানে বাংলা ভাষায় ‘সাদা মহিষ’ এবং ইংরেজিতে ‘Albino Buffalo’ লেখা রয়েছে। প্রাণীটির বিরল বৈশিষ্ট্য ও ব্যতিক্রমী উপস্থিতি দর্শনার্থীদের মধ্যে বাড়তি কৌতূহল সৃষ্টি করেছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, গত বুধবার রাতে মহিষটিকে জাতীয় চিড়িয়াখানায় আনা হয়। পরদিন সকাল থেকেই প্রাণীটিকে দেখতে মানুষের আগ্রহ দৃশ্যমানভাবে বাড়তে শুরু করে।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন ও বিরল বৈশিষ্ট্যের প্রাণী হওয়ায় এটি দেখতে মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। কর্তৃপক্ষের ভাষ্য, আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও আলোচিত এই অ্যালবিনো মহিষটি বর্তমানে জাতীয় চিড়িয়াখানার অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।

এর ফলে প্রতিদিনই দর্শনার্থীদের উপস্থিতি বাড়ছে এবং চিড়িয়াখানার পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।