শিরোনাম:
স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে: সারজিস

ফাইল ছবি
২৫ আগস্ট ২০২৬, ০৮:৫২
নিউজ ডেস্ক
আজকের গুরুত্বপূর্ণ রাজনীতি খবর
আগামীতে স্থানীয় নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি জানান, প্রতিটি সেক্টরে একক প্রার্থী দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরের স্টেশন রোড এলাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সারজিস আলম।
সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় নেতারা বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রম ও ব্যর্থতার সমালোচনা করেন। সারজিস আলম বলেন, বর্তমান সরকারের ছয় মাসের কার্যক্রমে পূর্ববর্তী সরকারের ফ্যাসিবাদের পুনর্বাসনের স্পষ্ট ইঙ্গিত দেখা যাচ্ছে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আগামী মাস থেকেই নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবি জানান তিনি। সারজিস বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যে বেতন পান, তা দিয়ে ১৫ দিন চলাও সম্ভব নয়। অথচ পে-স্কেল বাস্তবায়নের বিষয়ে সরকার টালবাহানা করছে।
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়েও সরকারের সমালোচনা করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, প্রবাসী ও তাদের স্বজনদের প্রতিনিয়ত হয়রানির শিকার হতে হচ্ছে। মালয়েশিয়ায় কর্মসংস্থানের নামে আবারও ২৫ জনের একটি সিন্ডিকেট তৈরি করা হয়েছে এবং এতে সরকারের উচ্চপর্যায়ের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
চট্টগ্রামের বিভিন্ন সমস্যা তুলে ধরে সারজিস আলম বলেন, বাণিজ্যিক রাজধানী হওয়া সত্ত্বেও স্বাস্থ্যখাত ও সড়কের বেহাল দশার কারণে সামান্য চিকিৎসার জন্যও মানুষকে ঢাকায় যেতে হচ্ছে। বর্ষা শেষ হলে নীতিনির্ধারকেরা সমস্যাগুলো ভুলে যান, আর বর্ষা এলেই বিভিন্ন উদ্যোগের নাটক শুরু হয় বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, জাতীয় যুব শক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল, জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক আবু বকর মজুমদার, সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ, এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজাউদ্দিন এবং চট্টগ্রাম মহানগর এনসিপির সদস্য সচিব আরিফ মঈনুদ্দিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।









