এনসিপি ক্ষমতায় এলে ভারত অত্যাচার করতে পারবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ফাইল ছবি
১৯ মে ২০২৬, ১১:২২
নিউজ ডেস্ক
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাষ্ট্রীয় ক্ষমতায় এলে ভারত কোনোভাবেই বাংলাদেশিদের ওপর অত্যাচার করতে পারবে না বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, “এনসিপি যদি ক্ষমতায় আসতে পারে তাহলে শক্তিশালী পররাষ্ট্রনীতি গ্রহণ করা হবে। পাশাপাশি এমন আইন তৈরি করা হবে, যাতে ভারত বাংলাদেশিদের কোনোভাবেই অত্যাচার করতে না পারে এবং তারা যেন অনুপ্রবেশও করতে না পারে।”
মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বোনচৌকি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদিমুল ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও তার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা ভারতের পক্ষেও না, আমেরিকার পক্ষেও না, চীনের পক্ষেও না। আমরা বাংলাদেশের পক্ষে।”
তিনি আরও বলেন, “সরকার এবং রাষ্ট্র সীমান্ত এলাকার নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ। সরকার নিরাপত্তা দেয় সন্ত্রাসীদের। যত বড় সন্ত্রাসী, তত বড় নিরাপত্তা; যত বড় চাঁদাবাজ, তত বড় নিরাপত্তা। এই নিরাপত্তা দিয়ে সরকার সাপ পোষে।”
গত ১৪ মে ওই সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত হন খাদিমুল ইসলাম নামে এক যুবক। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি চোরাকারবারের সঙ্গে জড়িত ছিলেন। তবে পরিবারের দাবি, খাদিমুল মানসিক প্রতিবন্ধী ছিলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “সরকার যদি সীমান্তের মানুষদের নিরাপত্তা দিত, তাহলে ভারত বাংলাদেশের মানুষকে হত্যা করতে পারত না। আমরা দেখেছি, বিশ্বের মধ্যে শান্তিকালীন সময়ে সবচেয়ে বেশি সীমান্ত হত্যা করা হয় বাংলাদেশিদের।”
তিনি আরও বলেন, “আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাহিনীকে শক্তিশালী করতে হবে। বিজিবি শক্তিশালী করতে পারলে ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টা এবং বাংলাদেশি মানুষ হত্যার ঘটনা বন্ধ করা সম্ভব হবে। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীকেও শক্তিশালী করতে হবে।”
এ সময় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক মিয়াজ মেহরাব তালুকদার, সংগঠক রাসেল আহমেদসহ দলটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সীমান্ত এলাকায় গেলে ভারতীয় বিএসএফের গুলিতে নিহত হন খাদিমুল ইসলাম (২৫)। তিনি হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের উত্তর আমঝোল এলাকার আমজাদ হোসেনের ছেলে।









