বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

দেশের জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, স্বৈরাচার বিদায় নিলেও এখনো দেশে ষড়যন্ত্র চলছে।

শুক্রবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “স্বৈরাচার বিদায় নিলেও ষড়যন্ত্র থামেনি। যারা চায় না বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াক, তারা নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।”

তিনি সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, “চোখ-কান খোলা রাখতে হবে। যেভাবে স্বৈরাচারকে জবাব দেওয়া হয়েছে, একইভাবে ষড়যন্ত্রকারীদেরও প্রতিহত করতে হবে।”

তিনি আরও বলেন, একটি গোষ্ঠী আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। তবে এতে কোনো লাভ হবে না, কারণ বিশ্ব জানে বর্তমান সরকার জনগণের নির্বাচিত।

বিগত সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, “এক সময় শান্তিপূর্ণ সমাবেশ করতেও হামলার শিকার হতে হতো। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐক্যবদ্ধ গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই পরিস্থিতির অবসান হয়েছে।”

তিনি অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে।