শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

গ্রাহকদের কাছে ‘তেল নেই’ দাবি করলেও ফিলিং স্টেশনে বিপুল পরিমাণ জ্বালানি মজুত রাখার প্রমাণ মিলেছে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির মুন্সির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় অবস্থিত মেসার্স বার্দাস অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশন সরকারি নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল বিক্রি না করে ‘তেল নেই’ সাইনবোর্ড টানিয়ে রাখে। পরে সেখানে অভিযান চালিয়ে পর্যাপ্ত তেলের মজুত পাওয়া যায়।

মজুত পরীক্ষা করে দেখা যায়, স্টেশনটিতে ২৩৬৮ লিটার পেট্রোল, ৩৭৬০ লিটার ডিজেল এবং ৩৬৫৫ লিটার অকটেনসহ মোট ৯৭৮৩ লিটার জ্বালানি মজুত রয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল বিক্রি নিশ্চিত করা হবে। কোনো ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট সৃষ্টি করা হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”