শিরোনাম:
মিথ্যা ও প্রোপাগান্ডায় জামায়াতের কাছে আওয়ামী লীগ শিশু: রাশেদ খাঁন

ফাইল ছবি
১০ জুলাই ২০২৬, ১২:৩৮
নিউজ ডেস্ক
আজকের গুরুত্বপূর্ণ রাজনীতি খবর
জামায়াত-শিবিরের কড়া সমালোচনা করে গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁন বলেছেন, মিথ্যা ও প্রোপাগান্ডায় তারা আওয়ামী লীগের চেয়েও বহুগুণ এগিয়ে এবং তাদের কাছে আওয়ামী লীগ মূলত ‘শিশু’। রাজনৈতিক অঙ্গনে জামায়াত সক্রিয় থাকতে দেশে ফ্যাসিবাদের দোসর আওয়ামী লীগের আর কোনো প্রয়োজন নেই বলেও তীব্র কটাক্ষ করেছেন তিনি।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া পৃথক দুটি স্ট্যাটাসে তিনি জামায়াত-শিবিরের প্রচারণাকে ঘিরে এই ক্ষোভ উগরে দেন।
‘নিজেরা গুপ্ত থেকে আমাদের মার খাওয়ার ছবি দিয়ে গুজব ছড়াচ্ছে’
প্রথম স্ট্যাটাসে রাশেদ খাঁন অতীতে স্বৈরাচারী আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলায় তাঁর রক্তাক্ত ও আহত হওয়ার পুরোনো ছবি জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের মাধ্যমে ফেসবুকে অপপ্রচার হিসেবে ছড়িয়ে দেওয়ার তীব্র নিন্দা জানান।
তিনি তাঁর পোস্টে লেখেন:
“নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগ দ্বারা অতীতে আমার আক্রান্ত হওয়ার ছবি ফেসবুকে প্রকাশ করছে জামায়াত-শিবিরের লোকজন। এরা কতবড় জঘন্য যে, নিজেরা সারা জীবন গুপ্ত থেকেছে আর আমরা রাস্তায় মাইর খেয়েছি, সেটিকে এখন ওরা নেতিবাচকভাবে প্রচার করছে যে, আমি নাকি অপকর্ম করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছি! ওদের গুজবে বিভ্রান্ত হয়ে অনেকে আমাকে কল ও মেসেজ করে খোঁজখবর নেয়ার পরিপ্রেক্ষিতে ফেসবুকে পোস্ট করে বিষয়টি সম্পর্কে খোলাসা করলাম।”
রাশেদ খাঁন আরও উল্লেখ করেন, “জামায়াত থাকতে যে আওয়ামী লীগের আর প্রয়োজন নেই, সেটির ডে বাই ডে (দিনের পর দিন) আরও স্পষ্ট হচ্ছে। আওয়ামী লীগের চরিত্র পুরোপুরি রপ্ত করতে পারার জন্য জামায়াতকে অসংখ্য ধন্যবাদ! অন্তত এই যাত্রায় তারা আওয়ামী শূন্যতা পূরণ করতে পেরেছে....”
‘ওরা মানুষের কাতারে পড়ে না’
এর কিছুক্ষণ পরেই দেওয়া আরেকটি সংক্ষিপ্ত ও ঝাঁঝালো স্ট্যাটাসে রাশেদ খাঁন জামায়াত-শিবিরের এই প্রচারণাকে ‘ঘৃণ্য’ আখ্যা দিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন। তিনি লেখেন:
‘‘জামায়াত শিবির এতো ঘৃণ্য আগে বুঝি নাই। ওরা কোন মানুষের কাতারে পড়ে না। যুক্তিতে না পেরে, ওরা মিথ্যার আশ্রয় নেয়। মিথ্যা ও প্রপাগাণ্ডায় ওদের কাছে আওয়ামী লীগ শিশু।’’
ছাত্র অধিকার পরিষদ থেকে উঠে আসা এই তরুণ নেতা বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয় রয়েছেন। তাঁর এই ফেসবুক পোস্টগুলো নিয়ে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেন ও বিভিন্ন রাজনৈতিক মহলের মাঝে তুমুল আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।









