মোনামির পদত্যাগ নিয়ে মুখ খুললেন নীলা ইসরাফিল

ফাইল ছবি
১১ মে ২০২৬, ০৬:১৪
নিউজ ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে শেহরীন আমিন ভূঁইয়া মোনামির পদত্যাগকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা। এ নিয়ে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী নীলা ইসরাফিল।
সোমবার (১১ মে) নিজের ফেসবুক পোস্টে নীলা ইসরাফিল দাবি করেন, মোনামির পদত্যাগকে নিছক অভিমান বা আত্মত্যাগ হিসেবে দেখার সুযোগ নেই। বরং এটি ভবিষ্যতের বড় কোনো রাজনৈতিক বা প্রাতিষ্ঠানিক অবস্থানের জন্য পরিকল্পিত পদক্ষেপও হতে পারে।
তিনি লেখেন, ‘যারা শেহরিন আমিন মোনামীর পদত্যাগকে অভিমান বলে ভাবছেন, তারা হয়তো রাজনৈতিক অঙ্কটা এখনো ধরতে পারেননি। ক্ষমতার করিডরে ছোট ছোট ত্যাগ খুব কমই নিছক ত্যাগ হয়, বেশিরভাগ সময়ই তা বড়ো প্রাপ্তির হিসেবি বিনিয়োগ।’
নীলা আরও বলেন, ‘ক্ষমতার রাজনীতিতে পদ ছাড়াও অনেক সময় এক ধরনের বিনিয়োগ—আজ একটি চেয়ার ছেড়ে, কাল আরও বড়ো চেয়ারের দিকে এগিয়ে যাওয়ার হিসেবি পদক্ষেপ।’
নিজের পোস্টে তিনি পদত্যাগকে ‘নিখুঁত পরিকল্পনা’ বলেও উল্লেখ করেন। তার ভাষায়, ‘সময়ই বলে দেবে, এই পদত্যাগ সমাপ্তি ছিল, নাকি বড়ো কোনো প্রত্যাবর্তনের প্রস্তুতি।’
এর আগে সোমবার বেলা ১১টার দিকে ফেসবুক পোস্টের মাধ্যমে সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন শেহরীন আমিন ভূঁইয়া মোনামি।









