গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে হত্যার ঘটনায় জামায়াতের শোক
_original_1778314904.jpg)
ফাইল ছবি
০৯ মে ২০২৬, ০২:২২
নিউজ ডেস্ক
গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে হত্যার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, এ হত্যাকাণ্ড অত্যন্ত হৃদয়বিদারক, ন্যক্কারজনক ও মানবতাবিরোধী।
তিনি বলেন, “একটি স্বাধীন ও সভ্য দেশে একই পরিবারের এতজন সদস্যকে এভাবে নৃশংসভাবে হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
গোলাম পরওয়ারের দাবি, এই ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিফলন এবং এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। তিনি দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ ঘটনায় তিনি নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাতে রাউতকোনা গ্রাম এলাকায় প্রবাসী মনির হোসেনের স্ত্রী, তিন সন্তান ও এক স্বজনকে গলা কেটে হত্যা করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।









