বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী

ফাইল ছবি
০১ মে ২০২৬, ১১:০১
নিউজ ডেস্ক
বিগত স্বৈরাচারী সরকারের আমলে ধ্বংস হওয়া দেশের শিল্প খাত পুনর্গঠনে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পর্যায়ক্রমে আবার চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
মহান মে দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এ সমাবেশে তারেক রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর তিনি সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেছেন এবং বন্ধ কলকারখানা দ্রুত চালুর বিষয়ে নির্দেশনা দিয়েছেন। শ্রমিকদের কর্মসংস্থান ফিরিয়ে দিতে এই সপ্তাহেই গুরুত্বপূর্ণ বৈঠক হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, গত এক যুগের বেশি সময় ধরে শ্রমিক, শিক্ষক, ছাত্র, নারীসহ সাধারণ মানুষকে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের গণআন্দোলনের মাধ্যমে স্বৈরাচার বিদায় নেয় বলে মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, লুটপাট ও অব্যবস্থাপনার কারণে দেশের শিল্প খাত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক কারখানা বন্ধ হয়ে গেছে।
শ্রমিকদের জীবনমান উন্নয়নের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, শ্রমিকরা ভালো থাকলে দেশ ভালো থাকবে। নতুন বিনিয়োগ আকর্ষণে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা চলছে এবং নতুন শিল্প স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, হকার উচ্ছেদ প্রসঙ্গে বিকল্প কর্মসংস্থান নিশ্চিতের নির্দেশনা দেওয়া হয়েছে এবং সিটি করপোরেশনের মাধ্যমে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কার পরিকল্পনা বাস্তবায়নের কথাও তুলে ধরে তিনি বলেন, কৃষক, শ্রমিক ও সাধারণ পরিবারের জন্য নানা সহায়তা কর্মসূচি নেওয়া হচ্ছে, যাতে সামাজিক সুরক্ষা বাড়ে।
সমাবেশে তিনি অভিযোগ করেন, একটি মহল এখনো গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, তবে জনগণের সমর্থন থাকায় এসব ষড়যন্ত্র সফল হবে না।
সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।









