শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক:
বর্তমান ইসলামী প্রজাতন্ত্র সরকারের পতন ঘটলে দেশের শাসনভার গ্রহণে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। তিনি বলেছেন, প্রয়োজন হলে একটি অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার দায়িত্ব নিতে তিনি প্রস্তুত।

বর্তমানে **যুক্তরাষ্ট্র**ে অবস্থানরত রেজা পাহলভি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানান, ইরানের ভেতরে ও বাইরে থাকা বিভিন্ন পর্যায়ের দক্ষ ব্যক্তিদের নিয়ে একটি ‘ট্রানজিশনাল সিস্টেম’ বা অন্তর্বর্তী কাঠামো গঠনের কাজ ইতোমধ্যে শুরু করেছেন তিনি।

তার লক্ষ্য হলো, বর্তমান সরকারের পতন ঘটলে যেন এই কাঠামো দ্রুত দেশের শাসনভার গ্রহণ করতে পারে এবং রাষ্ট্র পরিচালনায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে।

রেজা পাহলভি আরও জানান, যুক্তরাষ্ট্রভিত্তিক থিংকট্যাংক ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রাসিস-এর জ্যেষ্ঠ উপদেষ্টা সাঈদ ঘাসেমিনেজাদ অন্তর্বর্তী কাঠামোর সদস্য নির্বাচনের প্রক্রিয়া তদারকি করছেন। দেশের ভেতরে ও বাইরে থাকা এমন ব্যক্তিদের চিহ্নিত করা হচ্ছে, যারা অল্প সময়ের মধ্যে দেশে শৃঙ্খলা, নিরাপত্তা, স্বাধীনতা ও সমৃদ্ধি ফিরিয়ে আনতে সক্ষম হবেন।

উল্লেখ্য, ১৯৭৯ সালের **ইরানের ইসলামী বিপ্লব**ের মাধ্যমে **ইরান**ে পাহলভি রাজতন্ত্রের পতন ঘটে এবং দেশটিতে ইসলামী প্রজাতন্ত্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। ওই সময় ক্ষমতাচ্যুত হন ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভি

এরপর থেকে পাহলভি পরিবার বিদেশে অবস্থান করলেও রেজা পাহলভি দীর্ঘদিন ধরে ইরানের বিরোধী রাজনীতির অন্যতম পরিচিত মুখ হিসেবে সক্রিয় রয়েছেন।

সাম্প্রতিক বছরগুলোতে ইরানে সরকারবিরোধী আন্দোলনের সময় কিছু বিক্ষোভকারীকে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পক্ষে স্লোগান দিতে দেখা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সেই জনমতকে পুঁজি করেই রেজা পাহলভি এখন সরাসরি ক্ষমতার পালাবদলের ইঙ্গিত দিচ্ছেন।