শিরোনাম:
মিথ্যা বার্তা দিয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা না করার আহ্বান মন্ত্রীর

ফাইল ছবি
২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১
নিউজ ডেস্ক
আজকের গুরুত্বপূর্ণ রাজনীতি খবর
দেশে নৈরাজ্য ও অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে দাবি করে বিরোধী দলকে মিথ্যা বার্তা দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। একই সঙ্গে লংমার্চ না করে দেশ ও জনগণের কাজে সরকারের পাশে থাকার পাশাপাশি সরকারের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) মধুপুর শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিরোধী দলকে মিথ্যা বার্তা দেওয়া থেকে বিরত থাকতে হবে। লংমার্চ না করে দেশ ও জনগণের কাজে সরকারের পাশে এসে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। পাশাপাশি সরকারের ভুল-ত্রুটি থাকলে গঠনমূলক সমালোচনা করার কথাও বলেন।
শিক্ষক সমিতি বা সংগঠনের অভ্যন্তরে সদস্যদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান জানিয়ে ফকির মাহবুব আনাম বলেন, সমিতির বাইরে শিক্ষকরা যে কোনো রাজনৈতিক আদর্শের অনুসারী হতে পারেন। তবে শিক্ষক হিসেবে শ্রেণিকক্ষে পাঠদানে যত্নশীল এবং দায়িত্ব পালনে নিষ্ঠাবান হতে হবে।
দেশের চলমান সংকট প্রসঙ্গে তিনি বলেন, জনগণকে দুরবস্থা থেকে পরিত্রাণ দিতে সরকার কাজ করছে। বিশ্বের বিভিন্ন দেশ, এমনকি যুক্তরাষ্ট্রেও জ্বালানি সংকট চলছে বলে উল্লেখ করেন তিনি। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। সংকট মোকাবিলায় বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং এ সংকটও দূর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
আগের সরকার দেশকে ‘ভঙ্গুর অবস্থায়’ রেখে গেছে দাবি করে তিনি বলেন, তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে কোথাও ‘ট্রান্সপারেন্সি’ পাওয়া যাচ্ছে না। সব জায়গাতেই দুর্নীতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মাদকের বিরুদ্ধে সবাইকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে কোনো আপস করা যাবে না। এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতির মধুপুর শাখার সভাপতি সাইফুল ইসলাম স্বপন। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, টাঙ্গাইল জেলা শিক্ষক সমিতির সম্পাদক শামীম আল মামুন জুয়েল ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ।









