শিরোনাম:
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের লাশ দেশে পৌঁছেছে

ফাইল ছবি
১১ অক্টোবর ২০২৬, ০৫:২০
নিউজ ডেস্ক
আজকের গুরুত্বপূর্ণ রাজনীতি খবর
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের লাশ ভারতের কলকাতা থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে পৌঁছেছে। দীর্ঘদিন ফুসফুসের ক্যানসারে আক্রান্ত থাকার পর শনিবার (১০ অক্টোবর) সকালে কলকাতার রুবি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর।
কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন সূত্রে জানা গেছে, শনিবার স্থানীয় সময় সকাল সোয়া ৭টার দিকে রোটন মারা যান। তাঁর মরদেহ দেশে ফেরানোর জন্য প্রয়োজনীয় অনুমতিপত্র ইস্যু করে উপ-হাইকমিশন।
রোববার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্ত হয়ে সড়কপথে তাঁর মরদেহ বাংলাদেশে প্রবেশ করে। এ সময় মরদেহ গ্রহণ করেন তাঁর বড় ভাই নাসিমুল হায়দার চৌধুরী মিল্টন। এর আগে কলকাতায় তাঁর ভাগ্নে সোহানুর রহমানের কাছে মরদেহ হস্তান্তর করা হয় বলে দূতাবাস সূত্রে জানা গেছে।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান, পুলিশি পাহারায় রোটনের মরদেহ বেনাপোল চেকপোস্ট থেকে নিয়ে যাওয়া হয়েছে।
মরদেহ হস্তান্তরের সময় পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে ভোর থেকেই বেনাপোল চেকপোস্ট সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। ওই এলাকায় সাধারণ মানুষের চলাচলও সীমিত রাখা হয়।
উপ-হাইকমিশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ আগস্ট বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যান রোটন।
ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন
মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ওই কমিটির সভাপতি ছিলেন মাহমুদ হাসান রিপন।
ছাত্রলীগের রাজনীতিতে দায়িত্ব পালনের পর আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় ছিলেন রোটন। চট্টগ্রামের রাউজানের এই রাজনীতিক ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। ২০২১ সালে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য হিসেবেও মনোনীত হন তিনি।









