শিরোনাম:
অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

ফাইল ছবি
২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫
নিউজ ডেস্ক
আজকের গুরুত্বপূর্ণ রাজনীতি খবর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমের (১৩) হত্যাকাণ্ডে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে মুঠোফোনে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ারের সঙ্গে কথা বলে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান বলেন, ‘এই খবরটি দেখে আমরা খুবই মর্মাহত হয়েছি। আপনার ছেলের জন্য দোয়া রইল। আপনাদের পরিবারকে যেন আল্লাহ তায়ালা ধৈর্য ধরার তৌফিক দেন।’
ন্যায়বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, ‘আমরা চাই, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হোক।’
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যার ঘটনায় তাঁর বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় মামলা করেছেন। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, অপ্রতিমের সঙ্গে থাকা আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে হত্যাকাণ্ডটি ঘটতে পারে। তাঁর ব্যবহৃত আইফোনও উদ্ধার করা হয়েছে। তবে মামলার তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ কারণ ও ঘটনার বিস্তারিত আরও স্পষ্ট হবে।









