শিরোনাম:
স্ত্রীকে উৎসাহ দিতে শরীরচর্চায় ফেরা, ৯০ বছরেও জিতলেন শিরোপা

ফাইল ছবি
২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০
নিউজ ডেস্ক
আজকের গুরুত্বপূর্ণ বিনোদন খবর
বয়স ৯০। অথচ এখনো নিয়মিত শরীরচর্চা করে প্রতিযোগিতার মঞ্চে নামছেন জাপানের তোশিসুকে কানাজাওয়া। সম্প্রতি জাপান মাস্টার্স বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপের ৮৫ বছর ও তদূর্ধ্ব বিভাগে শিরোপা জিতে নিজের ১৯তম জাতীয় খেতাব অর্জন করেছেন তিনি।
কানাজাওয়ার এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রামের গল্প। তরুণ বয়সে বডিবিল্ডিং শুরু করলেও ৩০-এর কোঠায় এসে তিনি প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছিলেন। ৫০ বছর বয়সে দীর্ঘদিন অসুস্থ স্ত্রীকে উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে আবারও বডিবিল্ডিংয়ে ফিরে আসেন। স্ত্রী তাঁর প্রতিযোগিতায় অংশ নেওয়া দেখতে আনন্দ পেতেন বলে জানান কানাজাওয়া।
সম্প্রতি নিজের হিরোশিমার জিমে বসে কানাজাওয়া জানান, সর্বশেষ শিরোপাটিই তাঁর শেষ নয়। এখনো সপ্তাহে ছয় দিন প্রায় দুই ঘণ্টা করে ব্যায়াম করেন তিনি। তবে বয়সের সঙ্গে সঙ্গে অনুশীলনের ধরনেও পরিবর্তন এনেছেন। ভারী ওজন তোলার পরিবর্তে এখন বিভিন্ন ধরনের ব্যায়াম মেশিন ব্যবহার করেন।
১৯৩৬ সালে জাপানের শিমানে প্রিফেকচারে জন্ম কানাজাওয়ার। স্কুলজীবনে তিনি ১ হাজার ৫০০ মিটার ফ্রিস্টাইলে দক্ষ সাঁতারু ছিলেন। কিন্তু পেশির সমস্যার কারণে তাঁর অলিম্পিকে অংশ নেওয়ার স্বপ্ন পূরণ হয়নি। এরপর বডিবিল্ডিংকে পেশা হিসেবে বেছে নেন।
২৪ বছর বয়সে প্রথমবার ‘মিস্টার জাপান’ হন কানাজাওয়া। তিন বছর পর আবারও এই খেতাব জেতেন। ১৯৬৭ সালে কানাডার মন্ট্রিলে অনুষ্ঠিত ‘মিস্টার ইউনিভার্স’ প্রতিযোগিতায় অংশ নিয়ে চতুর্থ হন। ওই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন কিংবদন্তি বডিবিল্ডার ও অভিনেতা আর্নল্ড শোয়ার্জেনেগারও। ৮০ বছর বয়স পার করার পরও তিনি ছয়বার ওয়ার্ল্ড মাস্টার্স চ্যাম্পিয়নশিপ জিতেছেন।
বডিবিল্ডিং থেকে অবসর নেওয়ার পর ৫০ বছর বয়সে ফিরে এসে সাত বছর পর মাস্টার্স চ্যাম্পিয়নশিপে জয় পান কানাজাওয়া। এরপর থেকে প্রতিযোগিতার মঞ্চে তাঁর উপস্থিতি অব্যাহত রয়েছে। স্ত্রী মারা যাওয়ার পরও তাঁর স্মৃতিকে সঙ্গে নিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়া অব্যাহত রেখেছেন তিনি।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সবকিছু ছেড়ে দিতে হবে—এমন ধারণার সঙ্গে একমত নন কানাজাওয়া। বরং যতদিন সম্ভব বডিবিল্ডিং চালিয়ে যেতে চান তিনি। তাঁর ভাষায়, জীবনের শেষ দিন পর্যন্ত বডিবিল্ডার হিসেবেই থাকতে চান তিনি।








