বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

মুলাদীতে রাতের আঁধারে হাতবোমার বিস্ফোরণ

ফাইল ছবি

২৭ মার্চ ২০২৬, ১০:১৩

নিউজ ডেস্ক

facebook sharing button
twitter sharing button
sharethis sharing button
whatsapp sharing button

আজকের গুরুত্বপূর্ণ অপরাধ খবর

বরিশালের মুলাদীতে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের জয়ন্তী নদীর উত্তরপাড়ে ভেদুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের ঘটনায় ভেদুরিয়া ও পার্শ্ববর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, আধিপত্য বিস্তার ও এলাকায় ভীতি সৃষ্টি করতেই এ বিস্ফোরণ ঘটানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সফিপুর পুলিশ চৌকির এএসআই মো. সোহেল।

ভেদুরিয়া গ্রামের বাসিন্দা মো. মোকছেদ খান জানান, রাত ৯টার দিকে খোকন খানের পরিত্যক্ত বাড়ির কাছে বিকট শব্দ শোনা যায়। এরপর একের পর এক ৮ থেকে ৯টি বিস্ফোরণের শব্দ হয়। এতে নারী-শিশুসহ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ওই গ্রামের আরেক বাসিন্দা ঝুমুর বেগম বলেন, ভেদুরিয়া গ্রামের ছালাম মুন্সীর ছেলে আবু বকর, ইউসুফ মুন্সী, দুলাল খানের ছেলে লালন খান ও তাদের লোকজনের কাছে পুরো গ্রামের সহস্রাধিক মানুষ জিম্মি হয়ে পড়েছে। ওই পরিবার দুটি এলাকায় আতঙ্ক ছড়াতে বিস্ফোরণ ঘটিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে ছালাম মুন্সী বলেন, বৃহস্পতিবার রাতে কে বা কারা এলাকায় হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে তা তিনি জানেন না। তার পরিবারের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত নয়।

এএসআই মো. সোহেল জানান, বিস্ফোরণের খবর পেয়ে শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখানে একাধিক হাতবোমা বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরাফাত জাহান চৌধুরী বলেন, বিস্ফোরণের বিষয়টি তারা অবগত হয়েছেন। অভিযুক্তদের আটকে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।

এই সপ্তাহের সর্বাধিক পঠিত গুরুত্বপূর্ণ অপরাধ খবর