শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন, সরকারি শূন্যপদ পূরণে ৬ মাস, ১ বছর এবং ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই পরিকল্পনার আওতায় ধাপে ধাপে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে চট্টগ্রাম-১৩ আসনের সরকারি দলের সদস্য সরওয়ার জামাল নিজামের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, কর্মপরিকল্পনা অনুযায়ী ৬ মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২ হাজার ৮৭৯টি, ১ বছরের মধ্যে ৪ হাজার ৪৫৯টি এবং ৫ বছরের মধ্যে ৩ হাজার ১১০টি শূন্যপদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।

তিনি আরও জানান, ‘স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারীর নিয়োগ’ বিষয়ক কর্মপরিকল্পনার অংশ হিসেবে অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের নিয়োগের সর্বশেষ অবস্থা এবং শূন্যপদের তথ্য চেয়ে ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত হালনাগাদ তথ্যের ভিত্তিতে প্রকাশিত স্ট্যাটিসটিক্স অব পাবলিক সার্ভেন্টস ২০২৪ অনুযায়ী, সব মন্ত্রণালয় ও সরকারি অফিসে মোট শূন্যপদের সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ২২০টি।

এর মধ্যে—
১ম থেকে ৯ম গ্রেডে রয়েছে ৬৮ হাজার ৮৮৪টি শূন্যপদ,
১০ম থেকে ১২তম গ্রেডে ১ লাখ ২৯ হাজার ১৬৬টি,
১৩তম থেকে ১৬তম গ্রেডে ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি,
১৭তম থেকে ২০তম গ্রেডে ১ লাখ ১৫ হাজার ২৩৫টি,
এবং অনারারি, নির্দিষ্ট বেতনভুক্ত ও চুক্তিভিত্তিক বিভিন্ন শ্রেণিতে রয়েছে ৮ হাজার ১৩৬টি শূন্যপদ।

সরকারি জনবল কাঠামো শক্তিশালী করতে এসব পদে দ্রুত নিয়োগ সম্পন্নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।