শ্রমিকদের মজুরি ৩০০ ডলার হওয়া উচিত: শামীম হায়দার পাটোয়ারী

ফাইল ছবি
০১ মে ২০২৬, ০৯:৩২
নিউজ ডেস্ক
শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০০ ডলারের সমমান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, এই পরিমাণ মজুরি নিশ্চিত করা গেলে একজন শ্রমিক তার পরিবার নিয়ে ন্যূনতম জীবনধারণ করতে সক্ষম হবেন।
শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শ্রমিক পার্টির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, দেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় শ্রমিক দিবস পালিত হলেও মে দিবসের চেতনা এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তিনি সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের শ্রমিকবান্ধব ভূমিকার কথাও তুলে ধরেন।
তিনি বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে শক্তি প্রয়োগ না করে আলোচনা ও ট্রেড ইউনিয়নের মাধ্যমে অনেক সমস্যা সমাধান করা সম্ভব। তবে বর্তমানে দেশে বহু কলকারখানা বন্ধ হয়ে যাওয়ায় বিপুলসংখ্যক শ্রমিক বেকার হয়ে পড়ছেন।
তার অভিযোগ, অনেক মালিক দীর্ঘদিন লাভ করার পর লোকসানের অজুহাতে প্রতিষ্ঠান বন্ধ করে দেন, ফলে শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েন।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাণিজ্য পরিস্থিতি ও অর্থনৈতিক সংকটের কারণে বন্ধ হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলোকে সরকারিভাবে সহায়তা দেওয়া উচিত। তার মতে, কারখানা বন্ধ ও পুনরায় চালুর মধ্যবর্তী সময়ে শ্রমিকদের জন্য বেকার ভাতা চালু করা প্রয়োজন।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ শান্ত। এতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।









