বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

রাজধানীর নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ শুরু হয়েছে। এতে রাজধানীসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নিয়েছেন।

শুক্রবার দুপুর আড়াইটায় আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়। জুমার নামাজের পর থেকেই মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন।

সমাবেশে লাল ক্যাপ, টি-শার্ট, ব্যানার ও ঢোল হাতে নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। লাল টুপি পরা হাজারো নেতাকর্মীর করতালি ও স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক নেতা নজরুল ইসলাম খান বলেন, “দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরও সব আয়োজন সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এবার স্মরণকালের বৃহৎ জনসমাগম হবে বলে আমরা আশা করছি।”

তিনি আরও বলেন, “দেশের জনপ্রিয় নেতা তারেক রহমান এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন, তাই এটি আমাদের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে।”

এর আগে বৃষ্টি উপেক্ষা করে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হন। শ্রমিক দল নেতা আব্দুল্লাহ আল মামুনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে মূল কর্মসূচির সূচনা হয়।