‘রাতে বাসায় ঢোকার সময় দেখি দুইজন মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে’

ফাইল ছবি
০১ মে ২০২৬, ১২:৫৩
নিউজ ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা আলম মিতু নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রার্থীদের পূর্ণাঙ্গ বাসার ঠিকানা প্রকাশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
শুক্রবার (১ মে) নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, ব্যক্তিগত ঠিকানা প্রকাশের কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
পোস্টে মিতু লেখেন, “একজন প্রার্থীর বাসার পূর্ণ ঠিকানা এভাবে উন্মুক্ত করে দেওয়া কতটা যৌক্তিক? খুব ভালোবেসেই একজন বাসার নিচে এসে কল দিলো। কিন্তু এত অবাক হয়েছি যা ভাষায় প্রকাশ করতে পারবো না। নির্বাচন কমিশনের ওপেন করে দেওয়া ঠিকানা দেখে বাসার সামনে দাঁড়িয়ে কল দিয়েছেন।”
তিনি জানান, প্রথমবার মনোনয়ন নেওয়ার সময়ও বিষয়টি নিয়ে কথা বলেছিলেন। তখন জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল, এটি নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম্যাট।
মিতু বলেন, “আমার বাসায় আমার সন্তান আছে, আমার মা আছেন। আমি নিজে অধিকাংশ সময় বাসায় থাকি না। এই বাস্তবতায় আমার ঠিকানাটি এভাবে প্রকাশিত হওয়ায় আমি ব্যক্তিগতভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি।”
তিনি আরও দাবি করেন, তাকে অন্তত ২০ থেকে ২৫ বার বিভিন্নভাবে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আমি এই কথা এভাবে বলতে চাই না সিম্প্যাথির জন্য, কিন্তু বাসার ঠিকানা নিঃসন্দেহে ব্যক্তিগত তথ্য, যা এভাবে প্রকাশ করা উচিত নয়।”
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, “গতকাল রাতে বাসায় ঢোকার সময় দেখি দুইজন মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। তারা হয়তো অন্য কোনো কারণে ছিল, কিন্তু আমার মানসিক অস্থিরতা শুরু হয়ে গিয়েছিলো। আমি প্রায়ই রাত ১১/১২টায় বাসায় ঢুকি।”
তিনি আরও লেখেন, “যে দেশে ৫-১০ হাজার টাকায় মানুষ খুন হয়, খুন তো ডাল-ভাতের মতো—সে দেশে এমন বিষয়কে সিরিয়াসলি নেওয়া উচিত।”
মাহমুদা আলম মিতু অভিযোগ করেন, আগেও বিষয়টি নিয়ে কথা বললেও তা গুরুত্ব পায়নি। তার মতে, দুর্ঘটনা ঘটার পরই কেবল এসব বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
প্রার্থীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষার দাবি জানিয়ে তিনি নির্বাচন কমিশনের প্রতি দ্রুত এ নিয়ম পরিবর্তনের আহ্বান জানান।









